জাতীয় কমিটির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা রাজপথে অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার দেশব্যাপী ওই কর্মসূচি পালন করেছে জাতীয় কমিটি।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির কেন্দ্রীয় কমিটি থেকে ওই অবস্থান কর্মসূচি পালনের সময় নেতারা তাঁদের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেন। তাঁরা অভিযোগ করেন, চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলায় জাতীয় কমিটির প্রায় ১০ জন আহত হয়েছেন। কর্মসূচির ব্যানার কেড়ে নেওয়া হয় এবং কর্মসূচিতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে খুলনায় কর্মসূচি পালনের সময় পুলিশ বাধা দিলেও ওই বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হয় হয় বলে জানান তাঁরা।

সারা দেশে কমিটির কর্মসূচিতে পুলিশসহ সরকার দলীয় লোকজনের হামলা ও বাধা অব্যাহত আছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ।

আজ বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত সাম্রাজ্যবাদবিরোধী শহীদ মতিউল কাদের চত্বর-প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।

ঢাকায় জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে সদস্যসচিব আনু মুহাম্মদ ছাড়াও বক্তব্য দেন টিপু বিশ্বাস, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ফিরোজ আহমেদ, শিল্পী কফিল আহমেদ ও শিল্পী অরূপ রাহী। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী ও আকবর খান।

সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন বিনাশী প্রকল্প, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, উন্নয়নের নামে ঋণ ও দুর্নীতি নির্ভর প্রকল্প—এ সবই পরস্পর সম্পর্কিত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এখন কার্যত দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে। দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা প্রাণের সুন্দরবনকে ধ্বংস করতে সরকারের দ্বিধা নেই।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধিতেও সরকারের কোনো দ্বিধা নেই। বিদেশি কোম্পানির স্বার্থরক্ষা করতে বাপেক্সকে পঙ্গু করতেও তাদের কোনো দ্বিধা নেই।

সমাবেশে আগামী ১৮ মার্চ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা টেকসই সমাধানের জন্য সরকারের মহাপরিকল্পনার বিপরীতে জনস্বার্থে বিকল্প মহাপরিকল্পনা উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সুন্দরবন উপকূলীয় এলাকায় মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হয়।