জাতীয় কমিটির ঢাকা-সুনেত্র লংমার্চ ২৮-৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৮-৩১ অক্টোবর ঢাকা থেকে নেত্রকোনা ও সুনামগঞ্জ অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ আহ্বান জানান। জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র ও রশিদপুর ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং ‘পিএসসি-২০১১’ প্রণয়নের প্রক্রিয়া বন্ধসহ সাত দফা দাবিতে ওই লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। ২৮ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হবে। বিকেলে গাজীপুরে সমাবেশ। পরদিন সকালে গাজীপুর থেকে যাত্রা করে বিকেলে ময়মনসিংহে গিয়ে সমাবেশ হবে। ৩০ তারিখ সকালে নেত্রকোনার পথে যাত্রা এবং বিকেলে সেখানে সমাবেশ হবে। ৩১ তারিখ নেত্রকোনা শহর থেকে সুনেত্র গ্যাসক্ষেত্র অভিমুখে যাবে লংমার্চ। বিকেল চারটায় সমাবেশ হবে বাদশাগঞ্জে। লংমার্চ চলাকালে পথে পথে সভা, গান, নাটক ও মিছিল হবে। সমাবেশে প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এককভাবে জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র ও রশিদপুর ক্ষেত্র থেকে গ্যাস তুলতে হবে। জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আনু মুহাম্মদসহ জাতীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।