জাতীয় কমিটির সঙ্গে সরকার তিক্ততায় জড়িয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সম্পদ রক্ষার আন্দোলনকারী সংগঠন ‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র সঙ্গে তিক্ততায় জড়িয়ে পড়েছে সরকার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার পর পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ তাঁদের বিদ্রূপাত্মক ও অশালীন ভাষায় আক্রমণ করেছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় জাতীয় কমিটির নেতারা বলেছেন, হুমকি দিয়ে জাতীয় কমিটির নেতাদের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।মার্কিন প্রতিষ্ঠান কনোকোফিলিপসের সঙ্গে বঙ্গোপসাগরে দুটি ব্লক থেকে গ্যাস উত্তোলন চুক্তি সই করার প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ৩ জুলাই অর্ধদিবস হরতাল ডেকেছে। এর পরে থেকেই কমিটির নেতাদের আক্রমণ করা হচ্ছে।গত রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে জাতীয় কমিটিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি প্রশ্ন রাখেন, ‘কীভাবে তারা জাতীয় কমিটি? কে তাদের রায় দিয়েছে এ জাতীয় কমিটি করতে? কিছু টোকাই নিয়ে গঠিত এ কমিটি কীভাবে জাতীয় কমিটি হয়?’হাছান মাহমুদ ব্যঙ্গ করে বলেন, ‘কোথাকার কোন মনু মুহাম্মদ, আনু মুহাম্মদ? তাঁকে জাতীয় কমিটি গঠন করার ম্যান্ডেট কে দিয়েছে? উনি অর্থনীতির অধ্যাপক, তেল-গ্যাসের কী বোঝেন?’ গতকাল সোমবার জাতীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, এ ধরনের বক্তব্য কুরুচিপূর্ণ এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনকারী রাজনৈতিক দল ও ব্যক্তিদের প্রতি অশালীন আচরণ। এ আচরণ রাজনৈতিক শিষ্টাচারেরও পরিপন্থী।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল, গণসংহতি আন্দোলন, গণসংস্কৃতি ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে।গত শনিবার এক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কমিটির নেতাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য-সচিব আনু মুহাম্মদ গত রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে জনগণের দাবির প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এদিকে এক বিবৃতিতে জাতীয় কমিটি তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দেশের বিশিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করে। কমিটি ক্ষোভ প্রকাশ করে বলে, ‘এসব “টোকাই” রাজনৈতিক দল ও ব্যক্তিদের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস অবিচ্ছেদ্য। এরা লুটপাট আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।’