জাতীয় কর্মসূচির ফলে দেশে যক্ষ্মার প্রকোপ কমছে
দেশে যক্ষ্মার প্রকোপ কমেছে। বিনা মূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা নিচ্ছে প্রায় সারা দেশের মানুষ। যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে দেশজুড়ে সরকারি কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে। ২০০৭-০৯ সালের জরিপ বলছে, প্রতি লাখে ৭৯ দশমিক ৪ জন যক্ষ্মার ঝুঁকিতে রয়েছে। এই হার আগের বছরগুলোর তুলনায় কম।গতকাল বুধবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা রোগ নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত জাতীয় যক্ষ্মা সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন। যক্ষ্মা নির্মূলে ছয় দশক ধরে নাটাব তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে।অনুষ্ঠানে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক আশিক হোসাইন বলেন, দেশের শতকরা ১০০ ভাগ রোগীকে ডটসের (ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি) আওতায় আনা সম্ভব হয়েছে। জাতীয়ভাবে শতকরা ৭৪ ভাগ রোগী শনাক্ত ও শতকরা ৯৪ ভাগ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বর্তমানে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম সঠিক রাস্তায় রয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ফারুক আহমেদ বলেন, অনেক ক্ষেত্রে যক্ষ্মার লক্ষণ থাকা সত্ত্বেও অনেকে চিকিৎসকের পরামর্শের জন্য হাসপাতালে আসে না। তখন তারা কফ, কাশি, হাঁচির মাধ্যমে জীবাণু ছড়াতে শুরু করে।অনুষ্ঠানের সভাপতি ও নাটাবের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন বলেন, হাসপাতালমুখী করতে রোগীদের সঙ্গে ভালো আচরণ করা প্রয়োজন।দিনব্যাপী সম্মেলনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। যক্ষ্মা নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নাটাবের পাঁচজন কর্মকর্তা ও ঢাকা কমিউনিটি হাসপাতালকে আজীবন সম্মাননা দেওয়া হয়।