জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শুরু হয়েছে জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা। গ্রিন রোডে ইউএপির নিজস্ব ক্যাম্পাস ভবনে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এবারের প্রতিযোগিতায় ৫৭টি বিশ্ববিদ্যালয়ের ১১৯টি দল অংশ নিচ্ছে। গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। প্রতিযোগিতার প্রধান আয়োজক ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ১৩১টি বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থী রয়েছেন। এখন সংখ্যার পাশাপাশি গুণগত মানও নিশ্চিত করতে হবে। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যোগ্যতার পাশাপাশি মেধার বিকাশ ঘটায়।
অনুষ্ঠানের সভাপতি ও ইউএপির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, কম্পিউটার প্রোগ্রামিং বা এই ধরনের আয়োজনে আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আধিপত্য ছিল। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে আসছেন। আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করছেন। এটা সবাইকে আশাবাদী করে তোলে। এই ধরনের প্রতিযোগিতার ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত সমস্যা সমাধানের যোগ্যতা বাড়ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ও প্রতিযোগিতার প্রধান বিচারক অধ্যাপক এম কায়কোবাদ বলেন, ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং সাফল্য অর্জন করছেন। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীরাই দেশের প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাউয়ুম রেজা চৌধুরী, ইউএপির সাবেক উপাচার্য আবদুল মতিন পাটওয়ারী। আজ শনিবার প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।