জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিস্টলে অনুষ্ঠিত এক দিনের ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক, অনুরাগী ও শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল রোববার এক অভিনন্দনবার্তায় বলেন, টেস্টখেলুড়ে সব দেশকেই এক দিনের ক্রিকেটে বাংলাদেশ হারাতে সক্ষম হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় অর্জন এত দিন অধরা ছিল। গতকালের এই বিজয়ে ক্রীড়ামোদী দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী দিনগুলোতেও তাদের অদম্য সাহস, দক্ষতা, মনোবল, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে একের পর এক বিজয় অর্জনে সক্ষম হবে এবং দেশবাসীর জন্য সুনাম ও মর্যাদা বয়ে আনবে।শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও মঙ্গলময় জীবন কামনা করেন।