জাতীয় গণিত অলিম্পিয়াডে শত শিক্ষার্থীর জয়
এবারের জাতীয় গণিত উৎসবে সেরাদের সেরা হয়েছে রাজধানীর মাতুয়াইলের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান। মেয়েদের মধ্যে সেরা হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ। এই দুই বিজয়ীসহ ১০০ শিক্ষার্থী এ গণিত উৎসবে পুরস্কার পেয়েছে।
আজ শুক্রবার ছিল ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২২ ও ২০তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজন। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। দুই বছর পর আবার এই খোলা মাঠে উদ্যাপিত হলো। ফলে উৎসবকে ঘিরে স্কুল প্রাঙ্গণে সারা দিন ছিল শিক্ষার্থীদের হইচই। সকাল থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনে মেতে ছিল শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ছয়টার দিকে উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই অলিম্পিয়াডের বিজয়ী ১০০ শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ২৩ জন, জুনিয়র ক্যাটাগরিতে ৩২, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩০ ও হায়ার সেকেন্ডারিতে বিজয়ী হয়েছে ১৫ জন।
গণিতে সেরা যারা
এবারের আসরে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয়েছে প্রাইমারি ক্যাটাগরিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিহন পাল, জুনিয়র ক্যাটাগরিতে রাজউক উত্তরা মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাজরীফ হাসান, সেকেন্ডারি ক্যাটাগরিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাহজিব হোসাইন খান। ২০১৯ সালের জন্য সেরা গণিত ক্লাবের সম্মান পেয়েছে টাঙ্গাইলের বোসন বিজ্ঞান সংঘ। ২০২০ সালের জন্য নেত্রকোনার গণিত ক্লাব ম্যাথমেটিকস অ্যান্ড সায়েন্স অর্গানাইজেশন অব নেত্রকোনা (মেসন) ও ২০২১ সালের জন্য কুমিল্লা ম্যাথ অ্যান্ড সায়েন্স ফোরাম সেরা গণিত ক্লাবের সম্মান পেয়েছে।
এ ছাড়া তাজিমা এইচ মজুমদার পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ, জেবুন্নেসা হাশেম পুরস্কার পেয়েছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আইরা রহমান, প্রকৌশলী লুৎফর রহমান স্মৃতি পুরস্কার পেয়েছে নটর ডেম কলেজের মো. আশরাফুল ইসলাম, সজল–কাজল স্মৃতি পুরস্কার পেয়েছে তাহমিদ আল আসাদ, আবিদ রেজা স্মৃতি পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোনামি জামান, গৌরাঙ্গ দেব রায় স্মৃতি পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী নুজহাত আহমেদ, এম সেকেন্দার আলি স্মৃতি পুরস্কার পেয়েছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী মো. নাজিব মাহমুদ।
রুবিকস কিউব প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রাজধানীর স্কুল এজের শিক্ষার্থী মো. তাফসিরুল ইসলাম। তাফসিরুল ১১ দশমিক ৬৫ সেকেন্ডে রুবিকসের সমাধান করে। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে খুলনার সরকারি করোনেশন বালিকা উচ্চবিদ্যালয়ের আরিক তাসনিম এবং তৃতীয় হয়েছে কুষ্টিয়া জিলা স্কুলের ইমাদ উদ্দিন আহমেদ।
গণিত উৎসবে সুডোকু প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে জামালপুরের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইশতিয়াক রহমান, দ্বিতীয় হয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থী তাহমীদ হামীম চৌধুরী এবং তৃতীয় হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবদুস সাকুর।
গণিতের সঙ্গে আরও কিছু
গণিত উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান চলে বেলা পৌনে একটা পর্যন্ত। খাবারের বিরতির পর বেলা সোয়া দুইটার দিকে আবারও উৎসবস্থলের মূলমঞ্চে শুরু হয় অনুষ্ঠান। চমক হাসানের লেখা ‘মন মেলে শোন শুনতে পারি বিজয়ের আহ্বান, গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান’ গণিত উৎসবের এ গানের সঙ্গে নিত্যরঙ্গের শিল্পীদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের দ্বিতীয় পর্ব। এরপর মূলমঞ্চের পর্দায় দেখানো হয় প্রথম আলোর প্রামাণ্যচিত্র ‘আয়রনম্যান’।
নৃত্যের ফাঁকেই হয় সুডকো প্রতিযোগিতা। পরে গণিতের পটগান পরিবেশন করে রূপান্তর থিয়েটার দলের সদস্যরা। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ‘গণিতের প্রশ্ন, গণিতের উত্তর’ পর্ব। এ পর্বে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। তার জবাব দেন উপস্থিত অধ্যাপক, গণিতবিদ ও বিশিষ্টজনেরা। এ পর্ব পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।
বক্তব্য এক মিনিট
অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর চলে এক মিনিটের বক্তব্য পর্ব। এ পর্বে সাবেক জ্যেষ্ঠ পরমাণুবিজ্ঞানী রেজাউর রহমান বলেন, ‘আমি স্কুলজীবনে গণিত বেশি পড়তে চাইতাম না। ভাবতাম, গণিত বাদ দিয়ে কীভাবে পড়া যায়। পরে আমি কীটতত্ত্ববিদ হয়েছি। পরে দেখলাম, গণিত ছাড়া আর কিছুই নেই। জীবনের চারপাশেই গণিত। তোমাদের দেখে লোভ হয়, কেন স্কুল জীবনে গণিত ভালো করলাম না। এ ভুল তোমরা করবে না।’
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, এই উৎসব প্রমাণ করে যে শিক্ষার্থীরা যে গণিতের ভয় থেকে উঠে আসছে। এখানে শিক্ষার্থীরা শিক্ষকদের যেভাবে প্রশ্ন করলে তা দেখে আমার মনে হয়েছে, গণিতভীতি কাটিয়ে ওঠা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘করোনার এই দুই বছরে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন নিতে হয়েছে পড়ালেখার জন্য। এই স্মার্টফোনে তোমাদের (শিক্ষার্থীদের) অনেকের আসক্তি হয়েছে। এই স্মার্টফোন মাদক, যদি এটাতে কেউ আসক্ত হয়। আর এটি মাদক না, যদি এটাকে ব্যবহার করা হয়। তোমরা চেষ্টা করো এই মাদক থেকে বেরিয়ে আসতে।’
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘গত দুই বছর গণিত উৎসবে অংশ নিতে পারিনি করোনার কারণে। সৃষ্টির অন্যান্য জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কারণ, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে। তাই তোমাদেরও চিন্তার অনুশীলন করতে হবে।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তাঁর এক মিনিটের বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করেন। তিনি বলেন, ‘সারা দিনের এই গণিত উৎসবের মধ্যে আমরা তাঁর জন্য শ্রদ্ধা প্রকাশ করি। আমরা সব সময় তাঁকে স্মরণ করি। প্রথম আলো শুরু থেকে গণিত অলিম্পিয়াডের সঙ্গে ছিল। যারা এই উদ্যোগ এগিয়ে নিতে সাহায্য করেছে, তাদের ধন্যবাদ। করোনায় সারা বিশ্বের কার্যক্রম থমকে ছিল। তবে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম থামেনি।’
অনুষ্ঠানের শেষাংশে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।