
আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৭। ১৫টি আঞ্চলিক উৎসবের ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ১ হাজার ১২০ জন আজ শুক্রবার সকালে হাজির হবে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে, জাতীয় গণিত উৎসবে অংশ নিতে। ।
২০০১ সালে প্রথম আলোর ‘বিজ্ঞান প্রজন্ম’ পাতায় ছাপা শুরু হয় গণিতের পাঁচটি সমস্যা। নিউরনে অনুরণন নামের এই ‘পত্রিকার পাতায়’ গণিত অলিম্পিয়াডের পরিচালক ছিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আর সেই থেকে শুরু হয়ে গণিত অলিম্পিয়াড এখন পরিণত হয়েছে বাংলাদেশের হাইস্কুলের শিক্ষার্থীদের সবচেয়ে বড় গণিত উৎসবে। শুরু হওয়ার দেড় দশকের মধ্যে এটি কেবল বাংলাদেশেই শিক্ষার একটি ব্যতিক্রমী আয়োজনে পরিণত হয়নি, পাশাপাশি দেশের বাইরে এর একটি প্রভাব তুলে ধরেছে। কয়েক বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গেও একই রকম ‘গণিত উৎসব’ শুরু হয়েছে।
গণিত অলিম্পিয়াডের শীর্ষস্থানীয় মেধাবীরা এখন নিয়মিত সুযোগ পাচ্ছে বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়ে। এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ক্যালটেক, ওয়াটারলু প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের গণিতে সফল শিক্ষার্থীদের দীপ্ত পদচারণ।
এরই মধ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ চলে এসেছে মধ্য কাতারে। শতাধিক দেশের মধ্যে আমাদের অবস্থান ৩৩ বা ৩৪তম। ২০১৫ সালে আমাদের শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তবে এখনো অধরা রয়ে গেছে আইএমওর সোনার পদক। আর সেই পদক পাওয়াদের দলে স্থান নিতে আজ লড়বে হাজারো শিক্ষার্থী।
উৎসবে থাকবে নানা আয়োজন। উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ বিশিষ্টজনেরা।