জাতীয় গীতা উৎসব কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব কাল শুক্রবার। চট্টগ্রাম নগরের জেএমসেন হল প্রাঙ্গণে এই উৎসবে গান গাইবেন ভারতের জি বাংলা চ্যানেলের ‘সারেগামাপা’খ্যাত শিল্পী অদিতি মুন্সী। উৎসবে সংগীতানুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভাসহ নানা আয়োজন থাকছে।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জাতীয় গীতা উৎসব। অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাগীশিকের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ। তিনি বলেন, দিনব্যাপী উৎসব উপলক্ষে আলোচনা সভা, লীলাকীর্তন, সমস্বরে গীতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীতানুষ্ঠান রয়েছে। রাতে মঞ্চে সংগীত পরিবেশন করবেন ‘সারেগামাপা’খ্যাত শিল্পী অদিতি মুন্সী।
লিখিত বক্তব্যে বলা হয়, বাগীশিকের অধীনে সাত শতাধিক গীতা শিক্ষা কেন্দ্র রয়েছে।
সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি তুলে ধরেন বাগীশিকের নেতারা। এসব দাবির মধ্যে রয়েছে দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা, মন্দিরভিত্তিক বিয়ে চালু করা, ২ ডিসেম্বর জাতীয় গীতা দিবস ঘোষণা, প্রতিটি উচ্চবিদ্যালয়ে সনাতন ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং মন্দিরভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রমে সরকারি সহায়তা করা।
সংবাদ সম্মেলনে বাগীশিকের প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ, উপদেষ্টা চন্দনময় নন্দী, বিজয়লক্ষ্মী দেবী, রঞ্জন সাহা, শুভাশীষ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।