জাতীয় গ্যাস গ্রিডে কম্প্রেসর স্থাপনে নতুন জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গ্যাস গ্রিডে প্রয়োজনীয় চাপ বজায় রাখতে দুটি কম্প্রেসর স্থাপন নিয়ে জটিলতা কাটছে না। বরং নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুটি কম্প্রেসর স্থাপনের জন্য গত বছরের মে মাসে আহূত দরপত্র প্রক্রিয়াধীন আছে। এ অবস্থায় সরকার দুটি কম্প্রেসর বসিয়ে দিতে রাশিয়াকে অনুরোধ করেছে। রাশিয়া এ ব্যাপারে অনাগ্রহ দেখায়নি। সরকার এখন তাদের জবাবের অপেক্ষা করছে। দরপত্র প্রক্রিয়াধীন থাকা অবস্থায় রাশিয়া থেকে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কম্প্রেসর বসানোর এ প্রচেষ্টার কারণে প্রায় ছয় বছর আগে নেওয়া প্রকল্পটির বাস্তবায়ন আবার পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, প্রস্তাবিত এই দুটি ছাড়াও আরও কম্প্রেসর দরকার হবে। রাশিয়া রাজি হলে তাদের সহায়তায় অন্য স্থানে কম্প্রেসর বসানো হবে।জানা গেছে, বর্তমানে দেশে গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। মোট সর্বোচ্চ উত্তোলনক্ষমতা হচ্ছে ২১০ কোটি ঘনফুট। কিন্তু সঞ্চালন ও বিতরণ পাইপলাইনের সীমাবদ্ধতার কারণে উত্তোলন করা হচ্ছে ২০০ কোটি ঘনফুটেরও কম। উৎপাদন বৃদ্ধি এবং কম্প্রেসর স্থাপনসহ পাইপলাইনের সীমাবদ্ধতা দূর না হওয়া পর্যন্ত গ্যাসের সমস্যা চলতে থাকবে।সূত্র জানায়, গ্যাসের সর্বোচ্চ ব্যবহারের জন্য পাইপলাইনে কম্প্রেসরের মাধ্যমে চাপ বাড়ানো হয়। তাই ২০০৫ সালের মাঝামাঝি জাতীয় গ্যাস গ্রিডের আশুগঞ্জ, মুচাই ও এলেঙ্গায় তিনটি কম্প্রেসর স্থাপনের প্রকল্প নেওয়া হয়। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তখন সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়। তখন এ জন্য আহূত দরপত্র-প্রক্রিয়ার একপর্যায়ে দুর্নীতির অভিযোগ তোলে এডিবি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার ওই দরপত্র বাতিল করে। এরপর নতুন করে ডাকা দরপত্রে অংশ নিয়ে কোরীয় কোম্পানি হুন্দাই তিনটি কম্প্রেসর স্থাপনের জন্য ১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার দর প্রস্তাব করে। কোম্পানিটি ছিল সর্বনিম্ন দরদাতা। কিন্তু হুন্দাই কোম্পানিটির প্রস্তাবিত দরে কিছু বিষয় ‘অস্পষ্ট’ থাকায় তাদের কাছে পেট্রোবাংলা ওই সব বিষয়ে ব্যাখ্যা চায়। কিন্তু হুন্দাই জবাব দেয় যে তারা কেবল কার্যাদেশ দেওয়ার পর্যায়ে গিয়ে এসব ব্যাখ্যা তারা দিতে পারবে। তার আগে কোনো ব্যাখ্যা দেবে না। এরপর পেট্রোবাংলা হুন্দাইয়ের দরপত্র বাতিল করে দেয়। তবে এই দরপত্র প্রক্রিয়াধীন অবস্থায়ই সরকার দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে একটি কম্প্রেসর স্থাপনের কাজ দেয় মার্কিন কোম্পানি শেভরনকে। উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে হবিগঞ্জের মুচাইতে শেভরন কম্প্রেসরটি স্থাপন করছে। চলতি বছর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে বাকি দুটি কম্প্রেসর স্থাপনের জন্য আবার দরপত্র-প্রক্রিয়া শুরু করা হয়। এ প্রক্রিয়ার মধ্যেই সরকার রাশিয়ার কোম্পানি ‘গ্যাজপ্রম’কে অনুরোধ করেছে দুটি কম্প্রেসর স্থাপন করে দেওয়ার জন্য। অন্যদিকে প্রক্রিয়াধীন দরপত্রে অংশগ্রহণকারী কোম্পানিগুলোও কাজ পেতে তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে কোনো কোনো কোম্পানি প্রভাবশালী মহলের আনুকূল্য পাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য গতকাল সোমবার বৈঠক ডেকেও তা স্থগিত করেছে জাতীয় গ্যাস গ্রিডের পরিচালন সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।