জাতীয় গ্রিড দুই দফায় বন্ধ ঢাকায় বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচ মাসের ব্যবধানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আবার হঠাৎ জাতীয় বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে প্রায় এক ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয় ঘটে। প্রায় সোয়া দুই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ যখন প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল, তখন দ্বিতীয় দফায় গ্রিডের একাংশ বন্ধ হয়ে যায়।
গত ১ নভেম্বর স্মরণকালের বৃহত্তম বিদ্যুৎ বিপর্যয়ে জাতীয় দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেদিনও দুই দফায় বিপর্যয় ঘটেছিল। তবে গতকালের দ্বিতীয় দফায় বন্ধ হওয়ার ফল তেমন বিপর্যয়কর হয়নি।
পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটা এক মিনিটে নারায়ণগঞ্জের হরিপুরে অজ্ঞাত কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এ কারণে বৃহত্তর ঢাকা অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। গত ১ নভেম্বরের মতো গতকালও ঢাকাকেন্দ্রিক জাতীয় গুরুত্বপূর্ণ সব স্থাপনা (কেপিআই) এই বিপর্যয়ের কবলে পড়ে।
একাধিক সূত্র জানিয়েছে, অধিবেশনরত জাতীয় সংসদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় প্রধানমন্ত্রীও সংসদে তাঁর কার্যালয়ে ছিলেন।