জাতীয় গ্রিড লাইনে তেল চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার
মৌলভীবাজারে কৈলাশটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেল জাতীয় গ্রিড লাইনে তেল চুরির ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তেল লাইনের পাহারাদার লুৎফুর রহমান ও এজাহারভুক্ত আসামি সদর উপজেলার কদুপুরের জিতু মিয়া। তেল লাইনের পরিচালক সংস্থা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) শ্রীমঙ্গল কার্যালয় সূত্র জানায়, গত ২২ মার্চ গ্রিড লাইনের মৌলভীবাজার সদর উপজেলার শহরতলির ঘড়ুয়া এলাকা থেকে তেল চুরি ও পরদিন চুরির স্থলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় গ্যাস লাইন। চুরি হওয়া তেলের মূল্য ও লাইন মেরামত করতে গিয়ে জিটিসিএলের পৌনে চার লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের ব্যবস্থাপক শামসুর রহমান গত ২৫ মার্চ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন। এরপরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, তদন্তে মনে হচ্ছে এই তেল চুরির সঙ্গে বড় একটি দল জড়িত। এদের লরি (তরল পদার্থ পরিবহনের গাড়ি) আছে। তারা তেল লাইনের পাইপ কেটে ছিদ্র করে পাইপ দিয়ে আধা ঘণ্টার মধ্যে লরি ভরে ফেলতে পারে।