জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্রে নতুন খনন করা ৯ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড (বিজিএফসিএল)। গতকাল সোমবার বেলা ১১টা থেকে জাতীয় গ্রিডে দেড় কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।পেট্রোবাংলা ও বিজিএফসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কূপটি থেকে পর্যায়ক্রমে সরবরাহের পরিমাণ আরও কিছু বাড়ানো যেতে পারে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স গত মে মাসে কূপটির খননকাজ শুরু করেছিল। ৪ আগস্ট কূপটি থেকে গ্যাস প্রবাহিত হয়। এরপর আনুষঙ্গিক সব কাজ শেষে গতকাল জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়।বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছিল। ১৯৯১-৯৫ সময়ে ক্ষেত্রটি থেকে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি উত্তোলন করায় গ্যাসের সঙ্গে পানি ও ধুলাবালি উঠতে থাকে। তখন বাধ্য হয়ে উত্তোলন অনেক কমিয়ে দেওয়া হয়। ক্ষেত্রটির আগের আটটি কূপের মধ্যে তিনটি বন্ধ করে দিতে হয়। অন্য পাঁচটি কূপ থেকে প্রতিদিন মাত্র তিন কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছিল।এ অবস্থায় গত বছর বাপেক্স ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। এতে ক্ষেত্রটির একটি নতুন স্তরে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া যায়। জরিপের চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা না হলেও ওই জরিপের ভিত্তিতেই স্থান ও গভীরতা নির্ধারণ করে খনন করা নতুন কূপে গ্যাস পাওয়া যায়।বাখরাবাদে গ্যাস পাওয়ায় তা চট্টগ্রামে সরবরাহ করা যাবে। কারণ, চট্টগ্রামে চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া যাচ্ছে না। ফলে সেখানে বিদ্যুৎ, সার ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।বাখরাবাদের ৯ নম্বর কূপ থেকে সরবরাহ শুরু হওয়ায় বর্তমান সরকারের আমলে জাতীয় গ্রিডে নতুন গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫৫ কোটি (৫৫০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত হলো। কিন্তু চাহিদা ও সরবরাহের মধ্যে এখনো ব্যবধান প্রায় ৪৫ কোটি ঘনফুট। এ ব্যবধান কমাতে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম এবং রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স আরও ১২টি নতুন কূপ খনন ও কয়েকটি কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) চালাচ্ছে।