জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে শেভরনকে প্রধানমন্ত্রীর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার গণভবনে দেখা করেন শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় জনসন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার গণভবনে দেখা করেন শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় জনসন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর থেকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করতে শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন। শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় জনসন আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্কালে তিনি এ অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বৈঠকে সাংবাদিকদের জানান, বিবিয়ানা প্রকল্পের গ্যাসে এক হাজার ১১৭ মেগাওয়াটের তিনটি বিদ্যুত্ প্রকল্প পরিচালিত হবে। তিনি বলেন, এই তিনটি বিদ্যুত্ প্রকল্পের একটি চলতি বছরে চালু হবে।

শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বাংলাদেশের উন্নয়নে শেভরনের অবদান অব্যাহত থাকবে বলে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন। বাসস।