জাতীয় গ্রিডে ত্রুটি, ৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন উত্তরাঞ্চল
জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় নীলফামারীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল। এতে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে কাজকর্ম ব্যাহত হয়।
পঞ্চগড়ে বেলা ১১টা ২২ মিনিটে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় পঞ্চগড়ে এই বিদ্যুৎ বিপর্যয় হয়। বিকেল ৪টা ৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ চালু হলে কিছু কিছু এলাকায় বিদ্যুতের লাইন চালু করা হয়।
পঞ্চগড় শহরের ডোকরোপাড়ার গৃহিণী নাজমা বেগম বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে রান্নাবান্না করতে পারেননি। আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পানির সংকট ছিল তীব্র।
শহরের ফটোকপি ব্যবসায়ী আবদুর রব বলেন, বিদ্যুৎ না থাকায় কোনো কাজকর্ম হয়নি। অনেক লোকসান হয়েছে।
তেঁতুলিয়ার ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, ‘সাম্প্রতিক কালে এত দীর্ঘ সময় টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘটনা এটাই প্রথম। অনেকে মুঠোফোন পর্যন্ত চার্জ দিতে পারেননি। এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন। ছোট ছোট কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।’
পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আমিনুর রহমান বলেন, ‘এটা পঞ্চগড়ের কোনো সমস্যা নয়। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শুনেছি, বড়পুকুরিয়ায় বড় ধরনের বিপর্যয় হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অফিসের রেকর্ড অনুযায়ী, বেলা ১১টা ২২ মিনিট থেকে বিকেল ৪টা ৩ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আসে।
বিদ্যুৎ না থাকায় উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মতো বিরম্বনায় পড়েন নীলফামারী জেলার ২ লাখ ১০ হাজার গ্রাহক। নীলফামারী পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বলেন, জাতীয় গ্রিডের ত্রুটির কারণে গতকাল বেলা ১১টা ২৫ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিট পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। নীলফামারী জেলায় পিডিবির ৫২ হাজার গ্রাহক রয়েছেন বলে জানান তিনি।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এস এম হাসানাত হাসান বলেন, এ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা ১ লাখ ৫৮ হাজার। তিনি বলেন, জাতীয় গ্রিডের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ৩টা ৫৪ মিনিটে বিদ্যুৎ পাওয়া গেলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পুরো লোড পাওয়া যায়নি।