জাতীয় গ্রিডে ফের তেল চুরির চেষ্টা, দুর্ঘটনার আশঙ্কা
তেল ও গ্যাসের জাতীয় গ্রিড লাইনের মৌলভীবাজার অংশে আবারও তেল চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একটি চক্র। এতে গ্রিড লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গ্রিড লাইনে তেল ও গ্যাসের পাইপ পাশাপাশি থাকায় যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। ৩ থেকে ৫ জানুয়ারি গ্রিড লাইনের মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর ও নিতেস্বর এলাকায় তেল চুরির চেষ্টা প্রতিহত করা হয়েছে।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড—জিটিসিএল ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি জাতীয় গ্রিড লাইনের গয়ঘর এলাকা থেকে তেল চুরির একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে গ্রিড লাইনের নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাই দলের সদস্যরা বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। সেখানে প্রায় ছয় ফুট গভীর একটি গর্ত খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাইপ ও মাটি খোঁড়ার সরঞ্জাম উদ্ধার করে।৫ জানুয়ারি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেস্বর এলাকায় চোরাই দল একইভাবে তেল চুরির উদ্দেশ্যে পাইপলাইন ছিদ্র করতে একটি গর্ত করে। ওই দিন দিবাগত রাত ১১টার দিকে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে চোরাই দলটি পাইপলাইন ছিদ্র করার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। এ দুটি ঘটনায় জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের পক্ষ থেকে মৌলভীবাজার সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।জিটিসিএল সূত্র জানায়, গত বছরের ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলার আকবরপুর এলাকায় তেল চোরের চক্র জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে প্রায় পাঁচ হাজার ৮০ লিটার তেল চুরি করে নিয়ে যায়। জাতীয় গ্রিড লাইনের নিয়ন্ত্রণ কক্ষে অস্বাভাবিকতা ধরা পড়লে পুরো গ্রিড লাইন বন্ধ করে তল্লাশি চালানোর পরের দিন ২০ ফেব্রুয়ারি তেল চুরির ঘটনাটি ধরা পড়ে। প্রায় ১১ মাস নীরব থাকার পর আবার চোরাই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, কৈলাসটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেল জাতীয় গ্রিড লাইনের সঙ্গে বিয়ানিবাজার, কৈলাসটিলা, জালালাবাদ, বিবিয়ানা, ফেঞ্চুগঞ্জ ও রশিদপুর গ্যাসক্ষেত্র যুক্ত রয়েছে। অন্যদিকে ১৭৫ কিলোমিটার দীর্ঘ গ্রিড লাইনে ছয় ইঞ্চি ব্যাসের অপরিশোধিত তেল ও ২৪ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন দুটি পাশাপাশি রয়েছে। গত পাঁচ-ছয় বছরে জাতীয় গ্রিড লাইনের শুধু রাজনগর, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার সাত-আটটি স্থানে তেল চুরির ঘটনা ঘটেছে বা চেষ্টা হয়েছে। আর উত্তর-দক্ষিণ গ্রিড লাইন চালুর পর পুরো গ্রিড লাইনে অর্ধশতাধিক স্থানে চুরির ঘটনা ঘটেছে। জাতীয় গ্রিড লাইনের পাহারায় আছে আল আরাফাত সিকিউরিটিজ সার্ভিসেস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। তেল চুরির চেষ্টার পর নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের উপব্যবস্থাপক শামসুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, মাত্র তিন দিনের মাথায় দুবার তেল চুরির চেষ্টা হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারত। উপব্যবস্থাপক জানান, একা নিরাপত্তাকর্মীদের পক্ষে পুরো লাইন নিরাপদ রাখা কঠিন। এর জন্য গ্রিড লাইন এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো দরকার।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘জাতীয় গ্রিড লাইন থেকে তেল চুরি চেষ্টার ঘটনায় দুটি জিডি হয়েছে। জড়িতদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’