জাতীয় গ্রিডে যুক্ত হলো দুই কোটি ঘনফুট গ্যাস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ভাটেরা গ্যাসক্ষেত্রের (ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র) ৪ নম্বর কূপ থেকে উৎপাদিত প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ওই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়।রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) কূপটি খনন করেছে। বাপেক্স সূত্রে জানা যায়, গত বছরের ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন খননযন্ত্র (রিগ) দিয়ে ৪ নম্বর কূপের খননকাজ শুরু হয়। বুধবার উদ্বোধন অনুষ্ঠানে বাপেক্সের মহাব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।২৩ ফেব্রুয়ারি ভাটেরা গ্যাসক্ষেত্রে গেলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, খনন করে কূপটির প্রায় দুই হাজার ৬০০ মিটার গভীরে গ্যাসের স্তর পাওয়া গেছে। এ ছাড়া গ্যাসক্ষেত্রটির ২ ও ৩ নম্বর কূপ থেকে বর্তমানে দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। সেটাও জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপক আহসানুল আমিন প্রথম আলোকে জানান, ৪ নম্বর কূপ থেকে বর্তমানে একটি ‘সিঙ্গেল প্যাকার (একটি পাইপ)’ যন্ত্র দিয়ে গ্যাস উত্তোলনের কাজ চলছে। কূপটির জন্য একটি ‘ডুয়েল প্যাকার (দুটি পাইপ)’ যন্ত্র বিদেশ থেকে কেনা হয়েছে। এটি পাওয়া গেলে কূপটি থেকে একসঙ্গে চার কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। আগামী মে-জুন মাসে যন্ত্রটি এসে পৌঁছাতে পারে।আহসানুল আমিন আরও জানান, এই ক্ষেত্রে গ্যাসের প্রাথমিক মজুদ নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এখন পর্যন্ত তোলা হয়েছে প্রায় ১২০ বিসিএফ। ক্ষেত্রটি থেকে আরও ২০ বছর গ্যাস উত্তোলন সম্ভব বলে তিনি জানান।এদিকে গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ নওয়াব আলী গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করেছেন। তিনি জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এই গ্যাসের সুবিধা স্থানীয় জনগণও যাতে ভোগ করতে পারে, তার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।