জাতীয় গ্রিডের উত্তর-দক্ষিণ পাইপ লাইনে আবার তেল চোরের উপদ্রব
সিলেটের কৈলাসটিলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পর্যন্ত উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেলের (কনডেনসেট) পাইপলাইনে আবার শুরু হয়েছে তেল চোরের উপদ্রব। চলতি ফেব্রুয়ারি মাসে জাতীয় গ্রিডের এই লাইনের ফেঞ্চুগঞ্জ ও মাধবপুরের দুটি স্থানে তেল চুরির ঘটনা ঘটেছে। চক্রটি বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিল। তেল চুরির ঘটনায় সরকারের লোকসানের চেয়েও বড় বিপদ হচ্ছে লাইনটির ঝুঁকি। কারণ ছয় ইঞ্চি ব্যাসের লাইন ছিদ্র করে তেল চুরি করা হয়। এর পাশেই ২৪ ইঞ্চি ব্যাসের গ্যাসলাইন। ওই লাইন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সিলেট অঞ্চলের সব কটি গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারা দেশে নেমে আসবে বিপর্যয়।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ তারিখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে মাটির নিচ দিয়ে প্রবাহিত তেললাইন উন্মুক্ত ও ছিদ্র করে প্রায় ছয় লাখ টাকার তেল চুরি করেছে চক্রটি। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলাও হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুরেও একইভাবে পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও মাধবপুর থানায় মামলা হয়েছে। জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয় সূত্র জানিয়েছে, উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেললাইনের যেকোনো স্থানে সমস্যা হলে সম্পূর্ণ লাইনটির কার্যকারিতা বন্ধ হয়ে যাবে। ১৭৫ কিলোমিটার দীর্ঘ এই লাইনের সঙ্গে বিয়ানীবাজার, কৈলাসটিলা, জালালাবাদ, বিবিয়ানা, ফেঞ্চুগঞ্জ ও রশিদপুর গ্যাসক্ষেত্র যুক্ত। পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি কিংবা ভুলক্রমে তেললাইনের বদলে গ্যাস পাইপলাইন ছিদ্র করা হলে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ২০০৪ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন এলাকায় চোরের দল তেললাইন মনে করে গ্যাসলাইন ছিদ্র করলে এ রকম আশঙ্কার সৃষ্টি হয়েছিল। তখন কোনো রকমভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। ওই বছরই গ্রিড লাইনের মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দক্ষিণ সিংকাপন মাঠে তেলের পাইপলাইন থেকে তেল চুরির সময় আগুন ধরে গেলে খোলা মাঠের প্রায় ছয়-সাত একর জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। স্থানটি খোলা থাকায় সেবারও তেল পুড়ে যাওয়া ছাড়া জানমালের বড় কোনো ক্ষতি হয়নি। ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুরে পাইপলাইন ছিদ্র করে প্রায় পাঁচ হাজার ৮০ লিটার তেল চুরি করা হয়। ২০১০ সালের ৫ জানুয়ারি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেস্বর এলাকায় তেল চুরির উদ্দেশ্যে পাইপলাইন ছিদ্র করার সময় নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সরঞ্জাম ফেলে চোরের দল পালিয়ে যায়। গত বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে গ্রিড লাইনের আশুগঞ্জ অঞ্চলে তিনটি স্থানে তেল চুরির ঘটনা ঘটে। এত দিন পাইপলাইনটির ফেঞ্চুগঞ্জ-কৈলাসটিলা অংশে তেল চুরির ঘটনা কম ছিল। এখন বেড়েছে। জিটিসিএল সূত্র জানিয়েছে, ২০০৩ সাল থেকে উত্তর-দক্ষিণ পাইপলাইনের ৬০-৭০টি স্থানে চুরি বা চুরির প্রচেষ্টা হয়েছে। লাইনের পাহারার দায়িত্বে আছে আল-আরাফাত সিকিউরিটিস সার্ভিসেস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। শুধু নিরাপত্তাকর্মীদের পক্ষে পুরো লাইনের নিরাপত্তা দেওয়া কঠিন। পাইপলাইন এলাকায় পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি জনসাধারণকে সচেতন করে পাইপলাইনের নিরাপত্তায় তাদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) প্রথম আলোকে বলেন, ‘গ্রিড লাইনের ফেঞ্চুগঞ্জ এলাকার তেল চুরির ঘটনায় জিটিসিএলের পক্ষ থেকে মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের ব্যবস্থাপক শামসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্রিড লাইনে তেল চুরির সঙ্গে জড়িত চক্রটি আবার তৎপর হয়ে উঠেছে। একটি গ্রুপই তেল চুরি করছে। পুলিশ প্রশাসন আরও সক্রিয় হলে এই চুরি প্রতিরোধ করা সম্ভব।’