জাতীয় চার নীতির সঙ্গে রাষ্ট্রধর্ম হচ্ছে গোঁজামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, সংবিধানে জাতীয় চার নীতির সঙ্গে রাষ্ট্রধর্মও আছে। এর চেয়ে গোঁজামিল আর হয় না। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলনের তৃতীয় জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘পঞ্চাশ দশক থেকে অসাম্প্রদায়িক, ন্যায়পরায়ণ, গণতান্ত্রিক দেশ গড়ার কথা আমরা বলে আসছি। এখন চারপাশে তাকিয়ে মনে হয় ইচ্ছাগুলো পূরণ হয়নি।’ তিনি আরও বলেন, পরাজিত শক্তি সংগঠিত হয়েছে। সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে। গণতন্ত্র পিছু হটেছে। যদিও চার নীতি আবার ফিরে এসেছে, তবে এর সঙ্গে রাষ্ট্রধর্মও আছে। এর চেয়ে গোঁজামিল আর হয় না। জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যের প্রয়োজনীয়তা রয়েছে। জাতীয় ঐক্যের জন্য আহ্বানও জানানো হয়। তবে জাতীয় অনেক বিষয়ে সবার মতের ঐক্য নেই।
সকালে ‘গণতন্ত্র ও সুশাসনের জন্য চাই সাম্প্রদায়িকতামুক্ত তারুণ্যের অভিযাত্রা’ স্লোগান নিয়ে শুরু হয় দিনব্যাপী সম্মেলন। আনিসুজ্জামান রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজয় রায়।
আয়োজক সংগঠনের সহসভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, দেশে যেভাবে সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে, দুর্নীতির প্লাবন সৃষ্টি হয়েছে, তা প্রতিরোধ করা এখন জাতীয় কর্তব্য হয়ে দেখা দিয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক অজয় রায়, অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক ফৌজিয়া মোসলেম, সচিন কর্মকার, দীপায়ন খীসা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তবারক হোসেন।