জাতীয় জাদুঘরে আগুন, ক্ষয়ক্ষতি 'নগণ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের চতুর্থ তলায় গতকাল রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতি ‘একেবারেই নগণ্য’ বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, চতুর্থ তলায় বিশ্বসভ্যতা, পাশ্চাত্য শিল্পকলা ও বিশ্বমনীষী নামে তিনটি গ্যালারি রয়েছে। এর মধ্যে ৪৪ নম্বর গ্যালারিতে চায়নিজ, সুইজারল্যান্ড, ইরানি ও কোরিয়ান নিদর্শনসমৃদ্ধ চারটি কর্নার রয়েছে। ইরানি কর্নারে আগুন লাগে। সকালবেলা নিয়মমতো কর্মীরা চতুর্থ তলায় বিদ্যুৎ সরবরাহের মেইন সুইচ চালু (অন) করেন। এর দুই থেকে আড়াই মিনিটের মধ্যে তাঁরা চতুর্থ তলার প্রধান দরজা খুলে ভেতরে ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলে তারা। তবে সকালে জাদুঘরের ক্ষতিগ্রস্ত অংশে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।
পরে গতকাল বিকেলে এ নিয়ে জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাকক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, জাদুঘরের নবনিযুক্ত মহাপরিচালক কামরুন নাহার খানম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে প্রদর্শিত সিসি টিভির ফুটেজে দেখা যায়, সকাল নয়টা বেজে কয়েক মিনিট পরেই চতুর্থ তলার ইরানি কর্নার ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে ধোঁয়ার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের বড় গাড়ি চলে আসে।’
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, শর্টসার্কিট থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। তারের ওপরের রাবারের প্রলেপ পুড়ে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পাওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। জাদুঘরের আগুন হওয়ায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার্থে সেখানে আগুন নেভাতে প্রথমে ফোম ও শুকনো পাউডার ব্যবহার করা হয়। তবে শেষ চেষ্টা হিসেবে পরে সামান্য পানি ব্যবহার করতে হয়েছে। এতে কিছু জিনিসপত্র ভিজলেও তেমন কোনো ক্ষতি হয়নি বললেই চলে।
রণজিৎ কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে দাবি করেন, ক্ষয়ক্ষতি একেবারেই নগণ্য। আগুন নেভাতে ছিটানো পানিতেও ওই গ্যালারির কোনো নিদর্শনের কোনো ক্ষতি হয়নি। পানিতে ক্ষতি হওয়ার মতো প্রত্নসামগ্রীও ইরানি গ্যালারিতে বিশেষ ছিল না। সেখানে বেশির ভাগ সামগ্রী পোর্সেলিন ও ধাতব। পানি মেঝেতে জমেছে। কিছুক্ষণের মধ্যেই সেগুলো পরিষ্কার করে ফেলা হয়। ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিকভাবেই জাদুঘরে ঢোকার বিষয়ে কিছু নিয়মকানুন রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করছিলেন। এ কারণে সকালে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। বিকেলে গণমাধ্যমকর্মীদের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরিয়ে দেখানো হয়। সেখানে দেখা যায়, ইরানি কর্নারের ওপরের সিলিংয়ের হার্ডবোর্ড কিছু অংশ পুড়ে গেছে। ধোঁয়া বের হওয়ার জন্য কক্ষটির ওপরের কাচ ভেঙে ফেলা হয়েছে। বৈদ্যুতিক তারগুলো পুড়ে কালো হয়ে দেয়ালের সঙ্গে লেপ্টে রয়েছে, সুইচগুলো গলে গেছে। প্রতিষ্ঠানের কর্মীরা মেঝেসহ প্রত্নসামগ্রীর শোকেসগুলো সব পরিষ্কার করে ফেলেছেন।