জাতীয় জাদুঘরে তিনটি নতুন প্রদর্শনী গ্যালারির উদ্বোধন
জাতীয় জাদুঘরে তিনটি নতুন গ্যালারি চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ‘বিশ্বসভ্যতার ইতিহাস’, ‘ভারতীয় সভ্যতা’ ‘কাচ ও কাচ-পণ্যশিল্প’ নিয়ে নতুন এ তিন গ্যালারির যাত্রা শুরু হয়।
১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকালের আয়োজনে ছিল নতুন তিনটি গ্যালারির সংযোজন। সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান গ্যালারি তিনটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে তিনি নতুন গ্যালারিগুলো ঘুরে দেখেন।
দুপুরে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলা সাময়িকপত্র: সওগাত ও বেগম পত্রিকা’ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক। আলোচনা করেন আলী ইমাম, ফ্লোরা নাসরীন, সেলিনা খালেক এবং গুলশান আরা।
এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নূরজাহান বেগম এবং নাসির উদ্দীনের মতো ব্যক্তিদের অবদানের কারণে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। এ অঞ্চলে তাঁরা ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। তাঁরা ব্রিটিশরাজের সব প্রভাব, সাম্প্রদায়িকতা এবং আমাদের পিতৃতান্ত্রিক সমাজের প্রতিকূলতা মোকাবিলা করেছেন। তবু তাঁরা লড়াই করে এসব বাধা অতিক্রম করে তাঁদের মহৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরাও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও গোঁড়ামির মতো বৈরী শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের পূর্বসূরিদের মতো আমরাও প্রতিকূলতা পেরিয়ে যাব।’ তিনি মোহাম্মদ নাসিরউদ্দীন ও জাহানারা বেগমের স্মৃতি রক্ষার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসতে অনুরোধ করেন।
বিকেলে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতা’। ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন অধ্যাপক কাজী মদিনা। আলোচনা করেন আমিনুল ইসলাম, দিল মনোয়ারা মনু এবং মফিদুল হক। বক্তারা কবি সুফিয়া কামালের কর্মময় জীবন এবং সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পর অচলায়তন ভেঙে বাঙালি নারী সমাজকে যে কয়জন মহীয়সী জাগরণের পথে নিয়ে গেছেন, কবি সুফিয়া কামাল তাঁদের মধ্যে অন্যতম। আজকের নারী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাহিত্যকর্মে যে অবদান রাখছেন, তার জন্য কবি সুফিয়া কামাল স্মরণীয় হয়ে থাকবেন।