জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শামসুল আলম স্মৃতি জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এতে ৪৫টি দল অংশ নেবে।
গতকাল মঙ্গলবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৪৫টি দলের ২৫০ জন খেলোয়াড় অংশ নেবে। সিজেকেএস জিমনেসিয়ামে পাঁচটি বিভাগে ১৭ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত বিভাগে প্রতিযোগিতা হবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিজেকেএসের সহসভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, হাফিজুর রহমান, স্পনসর প্রতিষ্ঠান এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।