জাতীয় টিকা দিবস পালিত

দেশকে পোলিওমুক্ত রাখতে গতকাল শনিবার ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের এক লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল। কেন্দ্রগুলো সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা হয়। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রমণরত শিশুদের টিকা খাওয়া নিশ্চিত করার জন্য বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে টিকাকেন্দ্র স্থাপন করা হয়। এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবী মিলিয়ে প্রায় ছয় লাখ কর্মী কাজ করেছেন।
গতকাল কোনো শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়ে থাকলে ২২ থেকে ২৬ ডিসেম্বর (২৫ ডিসেম্বর বাদে) পর্যন্ত চার দিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি খুঁজে তাদের টিকা খাওয়াবেন।
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন গতকাল সকাল ১০টায় ঢাকা শিশু হাসপাতালে শিশুদের টিকা খাওয়ানোর মাধ্যমে জাতীয় টিকা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।