জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার পেল ৩১ উদ্যোগ
কম্পিউটার, ইন্টারনেট এবং মোবাইল ফোনভিত্তিক ৩১টি উদ্যোগকে জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে এ পুরস্কার দেওয়া হয়। ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডিনেট) আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান সহযোগী বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘আগামী ১০ বছরে বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হবে। আমরা শুধু সফটওয়্যারই নয়, হার্ডওয়্যারও তৈরি করব। ডিজিটাল বাংলাদেশ আমাদের সজীব, সচল জাতিতে পরিণত করবে।’ ডিজিটাল উদ্ভাবনী পুরস্কারের ২৩ সদস্যের বিচারকমণ্ডলীর প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, বিভিন্ন রকম ডিজিটাল উদ্যোগের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের (ডব্লিউএসএ) নিয়মনীতি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ী নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান ও ডিনেটের সভাপতি তৌফিক আহমেদ চৌধুরী বক্তৃতা করেন। এ পুরস্কারের জন্য ১৮০টি উদ্যোগ মনোনীত হয়েছিল। এর মধ্যে বাছাই করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৪৭টির মধ্যে কাল পুরস্কার পেয়েছে ৩১টি উদ্যোগ। এবার ১০টি বিভাগে সরকারি ও বেসরকারি উদ্যোগ পুরস্কার পেয়েছে। উদ্যোগগুলো ছিল কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল ফোনভিত্তিক। ১০টি বিভাগের পুরস্কার উৎসর্গ করা হয় দেশের বিভিন্ন খাতের খ্যাতিমান ব্যক্তি ও সংস্থার নামে। ব্যক্তিরা হলেন: জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, কৃষিবিজ্ঞানী ও আলোচিত্রী নওয়াজেশ আহমেদ, শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সংগীতজ্ঞ বারীণ মজুমদার, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এবং সাংবাদিক জহুর আহমেদ চৌধুরী। সংস্থাগুলো হলো: সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো হলো: ই-হেলথ: রানারআপ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজিএফপি সাপ্লাই চেইন ইনফরমেশন পোর্টাল, বিশেষ সম্মাননা স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সার্ভিং পেশেন্টস ফ্রম ডিসটেন্স—দি টেলিমেডিসিন নেটওয়ার্ক অব এমআইএস-হেলথ এবং বিডিড্রাগস ডট কম। ই-এনভায়রনমেন্ট: বিশেষ সম্মাননা ডিরেক্টর অব এনভায়রনমেন্ট খুলনার ডিজিটাল এনভায়রনমেন্ট পারমিট ম্যানেজমেন্ট। ই-লার্নিং ও ই-এডুকেশন: চ্যাম্পিয়ন গণিত পাঠশালা, রানারআপ বাংলা টেক্সট টু ব্রেইল ট্রান্সলেটর, বিশেষ সম্মাননা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের টিচার-লিড কনটেন্ট ডেভেলপমেন্ট ও টিম ক্রিয়েটিভের চ্যাম্পস ২১। ই-বিজনেস, কমার্স অ্যান্ড ফিন্যান্স: চ্যাম্পিয়ন বাংলাদেশ ডাকঘরের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস, রানারআপ ডেসকোর অনলাইন বিল পেমেন্ট সিস্টেম থ্রু ইন্টারনেট, এফএসবির আমার দেশ আমার গ্রাম, বিশেষ সম্মাননা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর অ্যান্ড ট্যাক্স রিটার্ন সাবমিশন। ই-লাইভলিহুড: চ্যাম্পিয়ন কৃষি তথ্য সার্ভিসের এআইএস ডট গভ ডট বিডি এবং আরবানের প্রমোটিং ইনফো-লেডি অব বিল্ডিং ইনক্লুসিভ ইনফরমেশন অ্যান্ড নলেজবেস উপজেলা। রানার আপ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম ডিজিটালাইজেশন। বিশেষ সম্মাননা পেয়েছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের কাস্টমাইজ ডেটাবেইজ সফটওয়্যার অন এগ্রিকালচার খাশল্যান্ড এমআইএস অ্যান্ড এগ্রিকালচার খাশল্যান্ড সেটেলমেন্ট ইনফরমেশন সিস্টেম। ই-এন্টারটেনমেন্ট: চ্যাম্পিয়ন র্যাবিট’স ফিউরি। ই-ইনক্লুশন অ্যান্ড পারটিসিপেশন: চ্যাম্পিয়ন যোগাযোগ মন্ত্রণালয়ের সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম অব আরএইপডি, রানারআপ খাদ্য অধিদপ্তরের পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম, স্বাস্থ্য অধিদপ্তরের অফিস অ্যাটেনডেন্স মনিটরিং সিস্টেম।ই-কালচার অ্যান্ড হেরিটেজ: চ্যাম্পিয়ন হালদা রিভার ওয়েবসাইট, বিশেষ সম্মাননা পেয়েছে বিপ্লবীদের কথা ডট কম। ই-সায়েন্স অ্যান্ড টেকনোলজি: চ্যাম্পিয়ন অ্যাপরেইন কনটেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, রানারআপ অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাংলা স্পেল চেকার। ই-নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া: চ্যাম্পিয়ন সামহোয়ার ইন ব্লগ, রানারআপ সচলায়তন ব্লগ।মোবাইল ফোনভিত্তিক পুরস্কৃত উদ্যোগগুলো হলো: মোবাইল বেইজড এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেম, এসএমএস গেটওয়ে সিস্টেম ফর মনিটরিং বার্ড ফ্লু টু রিডিউস দি কমিউনিটি হেলথ রিস্ক অব বাংলাদেশ, কমিউনিটি ফ্লাড ইনফরমেশন সার্ভিসেস, ট্রান্সফরমার প্রটেকশন ফ্রম আনঅথোরাইজড পারসন এবং এক্সপ্লোর ঢাকা। ডিজিটাল উদ্ভাবনী পুরস্কারে চ্যাম্পিয়ন হওয়া উদ্যোগগুলো সরাসরি ডব্লিউএসএ পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনয়ন পাবে। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রথম আলো, দি ডেইল স্টার ও এটিএন নিউজ। আর্থিক সহায়তা করে বিডিজবস ডট কম, অ্যামটব এবং ন্যাশনাল ব্যাংক।