জাতীয় দক্ষতামান সনদ পাচ্ছে না শিক্ষার্থীরা
গাইবান্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (ভোকেশনাল) শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে জাতীয় দক্ষতামান সনদ পাচ্ছে না। ফলে শ্রেণী ও পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা চাকরিতে আবেদনের সময় এই সনদ কাজে লাগাতে পারছে না। বিশেষ করে বিদেশে চাকরির ক্ষেত্রে এ সনদকে প্রাধান্য দেওয়া হয়।গাইবান্ধা টেকনিক্যাল স্কুলের একটি সূত্র জানায়, এসব প্রতিষ্ঠান থেকে নবম শ্রেণী উত্তীর্ণ হলে জাতীয় দক্ষতামান সনদ-৩, দশম শ্রেণী উত্তীর্ণ হলে জাতীয় দক্ষতামান সনদ-২ ও এইচএসসি পাস করলে জাতীয় দক্ষতামান সনদ-১ পাওয়ার কথা। কিন্তু দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের এই সার্টিফিকেট দিচ্ছে না। গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই গ্রামের আদনান ফয়সাল বলেন, ২০০০ সালে এই স্কুল থেকে তিনি এসএসসি পাস করেছেন, কিন্তু ধরনা দিয়েও দীর্ঘ ১০ বছরে জাতীয় দক্ষতামান সার্টিফিকেট পাননি। কলেজ কর্তৃপক্ষ কারিগরি বোর্ড থেকে এসব সনদ ইস্যু করা হয় না বলে জানিয়েছে। ফলে সম্প্রতি শিক্ষা বোর্ড থেকে সাময়িক সনদ তুলে কাজ চালাতে তিনি বাধ্য হয়েছেন। একই গ্রামের অভিভাবক মমিনুর রফিক বলেন, বিদেশে চাকরির ক্ষেত্রে এই সনদের গুরুত্ব অপরিসীম। কিন্তু স্কুল ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীরা সনদ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।সূত্রটি জানায়, প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে গড়ে ৪০০ জন ছাত্রছাত্রী নবম শ্রেণী উত্তীর্ণ ও এসএসসি পাস করছে। এ হিসেবে গত ১২ বছরে চার হাজার ৮০০ শিক্ষার্থী দক্ষতামান সার্টিফিকেট পায়নি। স্কুলের চিফ ইন্সট্রাক্টর জাহিদুল হক বলেন, ১৯৯৮ সালের পর থেকে বোর্ড সনদ পাঠানো বন্ধ রেখেছে। এ কারণে যথেষ্ট গুরুত্ব থাকার পরও শিক্ষার্থীদের সনদ দেওয়া যাচ্ছে না। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের কলেজছাত্র ফিরোজ মিয়া জানায়, এসএসসি পাস করেও এ সনদ না থাকায় গত বছর সে বিদেশে সুযোগ থাকা সত্ত্বেও একটি চাকরি পায়নি।কলেজের অধ্যক্ষ জবায়দুর রহমান গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা এই সনদ নেওয়ার জন্য তেমন একটা চাপ দেয় না। তাই এই সনদের জন্য বোর্ডকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়নি। তিনি বলেন, সাধারণত পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জাতীয় দক্ষতামান সনদ-১ এর মর্যাদা পেয়ে থাকে। তাই শিক্ষার্থীরা এসব সনদের প্রয়োজন মনে করে না। তবে সনদ পাঠানোর জন্য মৌখিকভাবে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়ে থাকে।