জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুলতানা কামাল। ‍পাশে সৈয়দ আবুল মকসুদ l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুলতানা কামাল। ‍পাশে সৈয়দ আবুল মকসুদ l ছবি: প্রথম আলো

হাওরের ৩ লাখ ৩০ হাজার পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ঘোষণাকে প্রহসন হিসেবে উল্লেখ করেছেন উদ্বিগ্ন নাগরিকেরা। তাঁরা পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওরের ২৪ লাখ পরিবারকেই খাদ্য ও অর্থ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘হাওরে মহা বিপর্যয়ে উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’-এর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। তাঁরা হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং বাঁধ নির্মাণে জড়িত দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, হাওরের ২৪ লাখ কৃষক বোরো ধানের ওপর নির্ভরশীল। তাঁদের সব ধান তলিয়ে গেছে। দেশের অনেক মাছ নষ্ট হয়ে গেছে। তাঁদের সবার জন্য সহযোগিতা দরকার। কিন্তু সরকার তাঁদের মধ্য থেকে ৩ লাখ ৩০ হাজার কৃষক পরিবারকে কীভাবে নির্বাচন করে সহায়তা দেওয়ার ঘোষণা করল, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এখানেও দুর্নীতির গন্ধ রয়েছে। তিনি এই বরাদ্দকে হাওরবাসীর সঙ্গে সরকারের প্রহসন হিসেবে উল্লেখ করেন।

হাওরের জলাভূমি জনগণের সম্পদ হলেও তা প্রভাবশালী ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়া হচ্ছে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, এসব আচরণ অসাংবিধানিক। জনগণের সম্পদ নিয়ে এ ধরনের যথেচ্ছাচারই হাওরে এত বড় বিপর্যয় সৃষ্টি করেছে।

সুলতানা কামাল আরও বলেন, ‘আমরা রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারণে সুন্দরবনে ক্ষতির কথা বললে সরকার বলে, আমাদের বাসার বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেবে। সরকারের মন্ত্রী বলেন, কৃষকেরা হাওরের বাঁধ কেটেছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন নাগরিক কমিটির হাসনাত কাইয়ুম। তিনি হাওরে রেশনিং ব্যবস্থা চালু, সরকারি-বেসরকারি সব ঋণের কিস্তি আদায় স্থগিত, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও বিনা সুদে দীর্ঘমেয়াদি ঋণ, জলমহালের ইজারা বাতিল করে উন্মুক্ত জলাশয়ে সবার মাছ ধরার অধিকার দেওয়া, হাওরের পরিবেশদূষণের প্রকৃত কারণ নির্ণয় এবং বাঁধ নির্মাণে জড়িত দুর্নীতিবাজদের শাস্তির দাবি করেন।

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ হাওরে বিপর্যয়ের ঘটনা তদন্তে নিরপেক্ষ একটি কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী হাওরবাসীর জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ এবং ৫ হাজার কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘জেগে থেকে ঘুমের ভান করবেন না।’

গবেষক ও অর্থনীতিবিদ স্বপন আদনান বলেন, পানিদূষণের কারণে হাওরে সামনের দিনগুলোতে রোগবালাই ছড়িয়ে পড়তে পারে। ফলে এখন থেকেই এ ব্যাপারে প্রস্তুতি নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সংস্কৃতিকর্মী মাহমুদ সেলিম, কফিল আহমেদ প্রমুখ।