জাতীয় নদী রক্ষা কমিশন ও ভোটার তালিকা বিল সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার জাতীয় নদী রক্ষা কমিশন বিল ২০১৩ উত্থাপিত হয়েছে। দেশের নদ-নদীকে অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত এবং নদীদূষণ বন্ধ করা এ কমিশন গঠনের লক্ষ্য। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নদী রক্ষা কমিশন বিল ২০১৩ উত্থাপন করেন। এরপর পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে একজনকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এ ছাড়া কমিটিতে একজন নারী সদস্য রাখার বিধান যুক্ত করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, নদীর অবৈধ দখল, পরিবেশ-দূষণ, শিল্পবর্জ্য দিয়ে নদীদূষণ, তীরভূমিতে অবৈধ কাঠামো নির্মাণ বন্ধ করা, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং পরিবহনযোগ্য নৌপথ গড়ে তোলার লক্ষ্যে এ কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়, কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য সরকারের বেতনভুক হবেন। অন্যরা অবৈতনিক কাজ করবেন। জনপ্রশাসন, আইন, মানবাধিকার, নদী ব্যবস্থাপনা, নদী প্রকৌশল, নদী জরিপ বা পরিবেশ কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এমন একজনকে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হবে। ভোটার তালিকা সংশোধন বিল: আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০১৩ উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত এ আইনে বলা হয়েছে, ভোটারের নাম হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪-এর অধীনে নিবন্ধিত বা সনদে উল্লিখিত নাম অথবা প্রাথমিক, জুনিয়র বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের কোনো পরীক্ষায় দেওয়া নাম ব্যবহার করতে হবে। তবে বিলটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত এ দফাটি ভোটার তালিকা আইনে অন্তর্ভুক্ত হবে না বলে উল্লেখ করা হয়েছে। সব শেষে সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।