জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ দ্রুত বাস্তবায়নের দাবি
নতুন ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ দ্রুত ও পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। নারী আন্দোলনে সম্পৃক্ত দেশের শীর্ষস্থানীয় সংগঠনগুলোর এই মোর্চা গতকাল বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশ থেকে এই দাবি জানায়।সমাবেশে নেতারা বলেন, একটি বিশেষ গোষ্ঠী নারী নীতির বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন ও অযৌক্তিক অপপ্রচার চালাচ্ছে। ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিমালায় নারী-পুরুষের সমতা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে ওই নীতি থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দেওয়া হয়। এ বছরের মার্চে নতুন করে নারীনীতি ঘোষণা হলেও এর বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে একটি মহল।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সমাবেশে বক্তব্য দেন জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান ও উইমেন ফর উইমেনের সাবেক সভাপতি সালমা খান, বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টা সেলিনা খালেক, উইমেন ফর উইমেনের মাহমুদা ইসলাম, কর্মজীবী নারীর মাহমুদা ইমাম প্রমুখ।