জাতীয় নিরাপত্তায় নবীন নাবিকদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান নৌপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা চৌকস নাবিক হিসেবে ফয়সাল মাহমুদের হাতে ‘নৌপ্রধান পদক’ তুলে দিচ্ছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে নবীন নাবিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত।

আজ বৃহস্পতিবার খুলনায় নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর এ/২০২২ ব্যাচের ৫৫৪ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এ কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি।

নবীন নাবিকদের মধ্যে ফয়সাল মাহমুদ পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. রাইসুল ইসলাম আসাদ দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ আর আবিদ হাসান ফাহাদ তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। এ ব্যাচে ২৫ জন নারী নাবিকও রয়েছেন। তাঁদের মধ্যে চাঁদনী বেগম সব বিষয়ে প্রথম স্থান অধিকার করে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ লাভ করেন। কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান।

অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে নবীন নাবিকদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল। সেই সঙ্গে তাঁদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন তিনি।

ভাষণের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নৌবাহিনী প্রধান। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।