ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ থাকুক—এ দেশের একটি পুরোনো বন্ধু রাষ্ট্র হিসেবে ব্রিটেন তা সব সময় কামনা করে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার সিলেটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিলেটে ব্রিটিশ হাইকমিশনের ‘ভিসা অ্যাপলিকেশন সেন্টার’ পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার দুপুরে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আগামী এপ্রিল থেকে ব্রিটিশ ভিসা আবেদনের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। গত বছর ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩৪ হাজার ভিসা ইস্যু করা হয়েছে জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার জানান, যা মোট ভিসা আবেদনের প্রায় ৭০ শতাংশ। বর্তমানে মাত্র ১৫ কার্যদিবসের মধ্যেই আবেদনকারীকে ভিসা প্রদানের সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের যোগাযোগ প্রসঙ্গে রবার্ট গিবসন বলেন, এ দেশ থেকে বৈধ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিলেত যাওয়ার বিষয়টি সব সময় যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে হাইকমিশন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, ব্রিটেনের প্রায় ৪৭০টি কলেজকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। এগুলোতে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাদের ব্যাপারে ব্রিটেনের ইমিগ্রেশন আইন অনুযায়ী শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী জুলাই মাসে যুক্তরাজ্যের লন্ডনে বিশ্বের অন্যতম বৃহৎ খেলাধুলার আসর অলিম্পিক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই আসর উপভোগ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিশেষ অলিম্পিক ভিজিট ভিসা চালু করা হয়েছে। এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানান তিনি। সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশনের সিলেট কার্যালয়ের প্রধান রিফুল জান্নাতসহ অন্যরা উপস্থিত ছিলেন। মেয়র কামরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। গিবসন বাংলাদেশি প্রবাসীদের সুযোগসুবিধা নিশ্চিত করতে ব্রিটেন কাজ করছে জানিয়ে বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নসহ সর্ব ক্ষেত্রে ব্রিটেনের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে।’ এ ব্যাপারে তিনি মেয়র কামরানের সহযোগিতা কামনা করেন। জবাবে মেয়র কামরান বলেন, ‘ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের সহযোগিতা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’সৌজন্য সাক্ষাৎ শেষে মেয়র সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনারের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।