জাতীয় নির্বাচন ভোটারশূন্যৃ স্থানীয়র বেলায় দীর্ঘ সারি
কেন্দ্রের নাম হেলেঞ্চা আলিম মাদ্রাসা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না, শিবরামপুর ও হেলেঞ্চা গ্রামের ভোটারদের জন্য এই কেন্দ্র। ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রটিতে কোনো সহিংসতা হয়নি। তবু সেখানে একটি ভোটও পড়েনি। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, কেন্দ্রের মোট ভোটারসংখ্যা দুই হাজার ২৭২ জন। সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের লাইন ছিল। বিকেল চারটা পর্যন্ত মোট এক হাজার ব্যক্তি ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে দুপুর পর্যন্ত নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল। তবে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। অবশ্য বেলা তিনটার পর পুরুষ ভোটারদের উপস্থিতি অনেক বেড়ে যায়।
ভোট দেওয়ার পর হেলেঞ্চা গ্রামের আমিনুল ইসলাম ও মমদেল হোসেন প্রথম আলোকে জানান, সহিংসতার আশঙ্কায় তাঁরা জাতীয় নির্বাচনে ভোট দেননি। দিঘীরত্না গ্রামের মরিয়ম বেগম ও রাশেদা বেগম জানান, সংসদ নির্বাচনে ভোট হয়েছে একতরফা। তাঁরা ভোট দিলেও যা হতো; না দিয়েও তাই হয়েছে। এ জন্য তাঁরা তখন ভোট দিতে আসেননি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার এক লাখ ৫৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ১০ জন। নারী ভোটার ৭৭ হাজার ১৩৯ জন। সকাল থেকে উপজেলার ৫৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, ৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্র হেলেঞ্চা আলিম মাদ্রাসার প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম, ভাদুরিয়া উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আজমল হোসেন, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আহসান হাবিব, হেয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদ রানা, মোগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মারফুদুল হক, রাঘবেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওয়াকিল প্রথম আলোকে জানান, দুপুর পর্যন্ত তাঁদের কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। এসব কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আখেরুর রহমান বলেন, বেলা আড়াইটা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছে।