জাতীয় নির্বাচনে জামানত ২০ হাজার টাকা, স্কুলে ১৬ হাজার!
চট্টগ্রামের রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন বাবদ অফেরতযোগ্য জামানত নেওয়া হয়েছে প্রার্থীপ্রতি ১৬ হাজার টাকা। ফলে আগ্রহী অনেকে প্রার্থী হতে পারেননি। এ কারণে পাঁচ প্রতিনিধির তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দুর্নীতি ও ক্ষমতা কুক্ষিগত করার জন্যই সেবামূলক এই প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে এত টাকা মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগকারীদের মতে, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীপ্রতি জামানত ছিল ফেরতযোগ্য ২০ হাজার টাকা। সেখানে স্কুলে ১৬ হাজার টাকা অনেক বেশি। দুর্নীতি করার উদ্দেশ্যেই এত টাকা খরচ করে কমিটিতে আসছেন বলে তাঁদের অভিযোগ।
গত কমিটিসহ টানা পাঁচবার কমিটির সদস্য ছিলেন মো. নুরুল আবছার নামে এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৬ হাজার টাকা জামানত নির্ধারণ করে সৎ ও যোগ্য নেতৃত্ব আসতে বাধা সৃষ্টি করা হয়েছে। আমি সরকারি কর্মচারী হিসেবে এত টাকা দিয়ে কীভাবে নির্বাচন করব। দুর্নীতি করার জন্যই মোটা অঙ্কের ফি নির্ধারণ করা হয়েছে।’
জানা গেছে, গত বছরের জানুয়ারিতে পূর্ববর্তী স্কুল পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। ওই কমিটির সভাপতি ছিলেন নুরুল আবছার নামের একজন ব্যবসায়ী। মেয়াদ শেষে নতুন পরিচালনা কমিটি গঠনের জন্য একটি অন্তর্বর্তীকালীন এডহক কমিটি করা হয়। নুরুল আবছার তাঁর ক্ষমতাবলে আবার চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির আহ্বায়ক হন। ওই এডহক কমিটি অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফি ১৬ হাজার টাকা নির্ধারণ করেন। গতবার এই ফি ছিল পাঁচ হাজার টাকা।
জানা গেছে, টাইগারপাস এলাকার এই স্কুলে সরকারি নিয়ম অনুযায়ী গতকাল শনিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও প্রাথমিক শাখায় দুটি করে এবং উভয় শাখা মিলে এক নারী প্রতিনিধি নির্বাচন করা হয়। কিন্তু অতিরিক্ত জামানতের কারণে মাধ্যমিকের দুজন এবং নারী প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এডহক কমিটির সভাপতি নুরুল আবছারও রয়েছেন। প্রাথমিক বিভাগে দুটি পদের জন্য চারজন প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এডহক কমিটির আহ্বায়ক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যবসায়ী নুরুল আবছারের ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।
এডহক কমিটির সদস্যসচিব প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন বাবদ মোট ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে ঠিক। তবে এর মধ্যে ১০ হাজার টাকা ডোনেশান। এডহক কমিটি এই ফি নির্ধারণ করেছে।’
এক প্রশ্নের জবাবে মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এডহক কমিটির আহ্বায়ক আবছার সাহেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’
স্কুলটিতে টাইগারপাস ও আশপাশের দুই হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। নির্বাচনে অভিভাবকদের ভোটারসংখ্যা প্রায় এক হাজার ৬০০।