এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতায় জামিলুর রেজা চৌধুরী
জাতীয় নির্মাণ বিধিমালা দ্রুত সংশোধন করা দরকার
ভূমিকম্পের ক্ষতি প্রশমনে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় নির্মাণ বিধিমালা-১৯৯৩ দ্রুত সংশোধন দরকার বলে পরামর্শ দিয়েছেন এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহূত হওয়া সংকেতগুলো আরও সহজবোধ্য করারও তাগিদ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতায় এই পরামর্শ দেন তিনি। অধ্যাপক জামিলুর রেজা বলেন, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রায় আড়াই কোটি মানুষ ভূমিকম্পের চরম ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করছে। দেড় কোটি মানুষের ঢাকাসহ প্রায় পাঁচ কোটি মানুষ আছে মাঝারি ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায়। ভূমিকম্পকে বড় দুর্যোগ হিসেবে বিবেচনায় নিতে হবে। এর সঙ্গে দরকার এ বিষয়ে জনসচেতনতা তৈরি।‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা: বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতা ও উন্নয়ন’ বিষয়ে এই বক্তৃতায় অধ্যাপক জামিলুর রেজা ভূমিকম্প, সুনামি, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি এবং এসব ঝুঁকি প্রশমনে বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করেন। কেবল দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতি ঠিক থাকলে অনেক ক্ষতি কম হয়—এমন কথা বলে তিনি জানান, ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে ৩১ হাজারের বেশি মানুষ মারা যায়। একই বছর চিলিতে ৮.৮ মাত্রার ভূমিকম্পে মারা যায় মাত্র ৫৬২ জন মানুষ।অধ্যাপক জামিলুর রেজা বাংলাদেশের বিভিন্ন সময়ে হওয়া ঘূর্ণিঝড় এবং এর ফলে ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে দুর্যোগে মানুষ নিহত হওয়ার সংখ্যা আগের চেয়ে কমে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আশাতীত উন্নতি হওয়ার কারণেই এই সুফল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ হয়তো একমাত্র দেশ, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আলাদা একটি মন্ত্রণালয় আছে। তিনি সাম্প্রতিক সময়ে পাস হওয়া দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে দুর্যোগ ব্যবস্থাপনা যুক্ত হওয়ার মতো পদক্ষেপগুলোর প্রশংসা করেন। বর্তমানে যে আড়াই হাজার আশ্রয়কেন্দ্র আছে, এর পাশাপাশি ৪০ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য আরও আশ্রয়কেন্দ্র দরকার বলে মত দেন তিনি। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে নানা উদ্যোগে দীর্ঘদিন ধরে জড়িত অধ্যাপক জামিলুর রেজা জাতীয় দুর্যোগ মহাপরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব যুক্ত করার পরামর্শ দেন।এশিয়াটিক সোসাইটি ভবনে অনুষ্ঠিত গতকালের বক্তৃতায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন অসাধারণ মন্তব্য করেন তিনি বলেন, ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে আমাদের এসব অর্জন আলোচনার বাইরে থেকে যায়।’রাজধানী ঢাকার ভবিষ্যতের স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) বাস্তবায়ন এবং এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক নজরুল ইসলাম। নির্ধারিত বক্তৃতার পর শুভেচ্ছা বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের আমলে দুর্যোগ ব্যবস্থাপনায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদ জামাল শুভেচ্ছা বক্তব্য দেন।