জাতীয় নীতিতে হাওর উন্নয়নের বিষয়টি অবহেলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কৃষি, মৎস্য, খাদ্যনিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা, জলমহাল, দুর্যোগ ব্যবস্থাপনা, বন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে ১৩টি জাতীয় নীতি আছে। কিন্তু এসব নীতিতে হাওর উন্নয়নের বিষয়টি অবহেলিত রয়েছে। হাওর উন্নয়নকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। হাওর উন্নয়নে এসব জাতীয় নীতি পর্যালোচনা করা উচিত।

হাওর অঞ্চলের নীতি নিয়ে একটি গবেষণা প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, হাওর অঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নিতে হবে, তা না হলে সুষম উন্নয়ন হবে না। হাওর অঞ্চলের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তাদের অনেকেই এমন সুপারিশ করেন।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রকাশিত প্রতিবেদনে কীভাবে এসব
নীতির সঙ্গে হাওর অঞ্চলের স্বার্থ দেখা হয়নি—এর কিছু উদাহরণ দেওয়া হয়েছে। একটি উদাহরণে বলা হয়েছে, হাওর এলাকায় মৌসুম শুরুর আগেই প্লাবন হয়ে থাকে। মূলত সীমান্তবর্তী ভারতীয় পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণেই এই প্লাবন হয়। সময়ের আগেই প্লাবন হওয়ায় প্রায় প্রতিবছরই হাওর এলাকার বোরো ধানের ক্ষতি হয়। কিন্তু দুর্যোগ ব্যবস্থা নীতি কিংবা কৃষি নীতিতে বৃষ্টিপাতের আগাম তথ্য নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর পর্যাপ্ত জোর দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৮ সালের জাতীয় মৎস্য নীতিতে হাওর এলাকার মাছ নিয়ে আলাদাভাবে বলা হয়নি। অথচ হাওর এলাকা হলো দেশের সবচেয়ে সমৃদ্ধ মিঠাপানির মাছের আধার।

প্রতিবেদন অনুযায়ী, পর্যাপ্ত পুষ্টির অভাবে হাওর অঞ্চলে খর্বকায় মানুষের হার সবচেয়ে বেশি। অথচ খাদ্যনিরাপত্তা ও কৃষি নীতিতে হাওর অঞ্চলের জনগোষ্ঠীর এই বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত নীতি নির্দেশনা নেই।

প্রতিবেদনে এসব জাতীয় নীতিগুলো পর্যালোচনা করে হাওরের সমস্যা ও সম্ভাবনাকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু হাওর এলাকার পরিবেশ নিয়ে চিন্তা করলেই হবে না; এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে হাওর মহাপরিকল্পনায় যে ১৫৩টি প্রকল্পের উল্লেখ রয়েছে, সেগুলোর বাস্তবায়নে জোর দিতে হবে। জিইডি সদস্য শামসুল আলম হাওর এলাকার নীতি প্রণয়ন নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

আলোচনা

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, হাওর অঞ্চলের উন্নয়নে সমীক্ষা ও বিশেষজ্ঞ প্রয়োজন। কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। ওই একেক এলাকার কৃষকদের একেক ধরনের সমস্যা। ওই সব কৃষকের সমস্যাগুলো সমাধানে পরিকল্পনায় সমন্বয় করতে হবে। তিনি মনে করেন, এ দেশের হাওর অত্যন্ত সম্পদসমৃদ্ধ। ওই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেই ওই এলাকার মানুষের জীবনমানের উন্নতি হবে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, হাওর অঞ্চলে এভাবে বৃষ্টি হতে থাকলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। হাওরকে কীভাবে বশীভূত করা যায়, সেই পথ খুঁজে বের করতে হবে। এই বিষয়ে সরকার সমন্বিত মহাপরিকল্পনা করছে। হাওর অঞ্চলের মানুষকে অর্থনীতির মূলধারায় আনার প্রকল্প নেওয়া হয়েছে।

হাওর এলাকার মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ। তিনি বলেন, বছরের পর বছর তাঁদের ওখানেই থাকতে হবে, এমন কথা নয়। তাঁদের অর্থনীতির মূলধারায় আনা উচিত।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক হামিদুল হক বলেন, হাওর অঞ্চলে যে বাঁধ দেওয়া হয় তা স্বাভাবিক প্লাবন ঠেকানোর জন্য। একটু শক্তিশালী ঢল এলেই এসব বাঁধ টেকে না। এবারও তাই হয়েছে।

অনুষ্ঠানে তথ্য প্রাপ্যতা ও ব্যাংকিং খাত নিয়ে আরও দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক সৈয়দ মনির খসরু প্রমুখ।