জাতীয় নেতা কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান (৮৪) গত শনিবার রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জাহানারা জামানের জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সাড়ে নয়টায় তাঁর মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাজশাহীতে আনা হবে। নগরের কাদিরগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে স্বামী কামারুজ্জামানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বাসস জানিয়েছে, জাহানারা জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জাহানারা জামানের স্বামী জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজশাহীর জনপ্রিয় নেতা ছিলেন। তিনিসহ অপর তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলী ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কয়েকজন উচ্চাভিলাষী বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন।

জাহানারা জামানের মৃত্যুতে অন্যান্যের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদও শোক প্রকাশ করেছে।