জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি
শ্রমিকদের জন্য অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক জোটের দ্বিবার্ষিক সম্মেলনে শ্রমিক নেতারা এই দাবি জানান। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশসহ শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি মালিকদের কল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিশেষ অতিথি অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলে নাগরিকের অধিকারও প্রতিষ্ঠিত হবে। মজুরির পাশাপাশি কারখানার লভ্যাংশও শ্রমিকদের দেওয়া উচিত।
জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ তাঁর বক্তবে৵ ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান। অনুষ্ঠানে শ্রমিক জোটের সহসভাপতি আবদুল ওয়াহেদ, আবদুল্লাহ মহিউদ্দিন, এমদাদুল হক শিকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদসহ জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।