আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার সারা দেশে আন্তর্জাতিক শ্রম দিবস (মহান মে দিবস) পালন করা হয়েছে। বিভিন্ন স্থানে আয়োজিত সভা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা সরকারের কাছে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার দাবি জানিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: বিকেল সাড়ে চারটায় নগরের চাঁদনীঘাট এলাকায় সাংস্কৃতিক সংগঠন নগরনাটের উদ্যোগে ‘মুক্তির দাবিতে মিলুক প্রাণ’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে তারুণ্য সিলেট, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার মুরারীচাঁদ, থিয়েটার লিডিংসহ বিভিন্ন সংগঠন আবৃত্তি, নাটক ও গণসংগীত পরিবেশন করে। সকাল ১০টার দিকে নগরে মিছিল ও সমাবেশ করেছে হরিজন সংগ্রাম পরিষদ সিলেট। সকাল সাড়ে ১০টায় জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। জাতীয় মজুরি কমিশন গঠন এবং জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিকেলে নগরে লাল পতাকা মিছিল করা হয়েছে।
কুমিল্লা: সকাল আটটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা সংসদের উদ্যোগে জাগরণের গান ও আলোচনা সভা হয়। বিকেল চারটায় নগরে লাল পতাকা নিয়ে শোভাযাত্রা করে সিপিবি কুমিল্লা জেলা শাখা। পরে টাউন হল মাঠে আলোচনা সভায় বক্তব্য দেন পার্টির সভাপতি এ বি এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পরেশ কর। বিকেল সাড়ে চারটায় কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সমাজ চেতনা মঞ্চ। মঞ্চের সভাপতি মৃণাল কান্তি ঢালির সভাপতিত্বে বক্তৃতা করেন ন্যাপ কুমিল্লার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
মৌলভীবাজার: জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের সাইফুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে একটি আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক মইনুর রহমান। সিপিবি নেতা মো. মাসুক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ।
শেরপুর: সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। এতে জেলার সড়ক পরিবহন শ্রমিক, অটোরিকশা শ্রমিক, হোটেল শ্রমিক, দোকান কর্মচারী, রাজমিস্ত্রি, চাতাল শ্রমিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম।
নেত্রকোনা: সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে শহরের মোক্তারপাড়া মাঠে যায়। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় সম্মিলিত শোভাযাত্রা। এতে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ অংশ নেন।
সুনামগঞ্জ: পৌর শহরে বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে মিছিল বের হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন। মিছিল শেষে পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় হোটেল শ্রমিক ইউনিয়নের সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামান প্রমুখ।