রাজধানীর শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: সকাল ১০টায় বরগুনা শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নেয়।কুড়িগ্রাম: সকালে লাল-সবুজে ছেয়ে যায় কুড়িগ্রাম শহর। শহরের স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থীরা পতাকা মিছিল বের করে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের গণজাগরণ মঞ্চ এলাকা গণসংগীত ও স্লোগানে স্লোগানে ছিল মুখরিত। জামায়াত-শিবিরের ডাকা রবি ও সোমবারের হরতাল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় গণমঞ্চ থেকে।বাউফল (পটুয়াখালী): দিনের প্রথম প্রহরে বাউফল উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।সিরাজগঞ্জ: সকালে জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। পরে সিরাজগঞ্জ সরকারি কলেজ, হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, সবুজ কানন উচ্চবিদ্যালয়, বিএল সরকারি উচ্চবিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেন।গোপালগঞ্জ: সকাল ১০টায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শিক্ষার্থীরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী বেলা সাড়ে ১১টায় বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সুনামগঞ্জ: জেলা শহরের পৌর কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিক্ষোভ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। জেলার অন্যান্য স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একই কর্মসূচি পালন করা হয়েছে।নেত্রকোনা: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।শাহজালাল বিশ্ববিদ্যালয়: গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন বোস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, শহীদজননী জাহানারা ইমাম ছাত্রী হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে থেকে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য মো. আনোয়ার হোসেন। এ সময় কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার, প্রক্টর সোহেল আহমেদ।জাতীয় পতাকা উত্তোলনের পর উপাচার্য বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিরোধে নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে বিজয়ী হতে হবে।খুলনা: সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয় মিলনায়তনের সামনে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় উপাচার্য মুহাম্মদ আলমগীর জাতীয় পতাকা উত্তোলন করেন।খুলনা জিলা স্কুলেও জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ল্যাবরেটরি স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সরিষাবাড়ী (জামালপুর): বেলা ১১টায় যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থীরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে।