জাতীয় পতাকা উত্তোলনে মুজিবনগর দিবসের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় ভোর ঠিক ৫টা ৩৪ মিনিট। পুব আকাশে উদিত হচ্ছে সূর্য। বিউগলের সুর বেজে উঠল। সঙ্গে সঙ্গে উত্তোলন করা হলো জাতীয় পতাকা। আজ রোববার প্রত্যুষে এর মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের শুভ সূচনা হয়েছে। মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ। এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, এ এক অন্য রকম অনুভূতি। বিউগলের সুর যখন বেজে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল। এ রকম একটা দিবসের সঙ্গে নিজের শুরু করা অনেক ভালো লাগার বিষয়। এটা সৌভাগ্যেরও বিষয়।
সেখানে উপস্থিত ছিলেন দুজন আনসার সদস্য—লিয়াকত আলী ও সিরাজুল ইসলাম। তাঁরা ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে গার্ড অনার দিয়েছিলেন। আবেগাপ্লুত হয়ে লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘সেদিন জানতাম না এত বড় একটা কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে যাচ্ছি। আজ মনে হলে গর্বে বুকটা ভরে ওঠে।’
এ দুজন আনসার সদস্য সেদিনের গার্ড অব অনার দেওয়ার জায়গা (স্মৃতিসৌধের পাশে মেহগনিগাছ) দেখিয়ে বলেন, ‘গার্ড অব অনার দেওয়ার আগ মুহূর্তে পর্যন্তও জানতে পারিনি কী হতে যাচ্ছে। সেদিন প্রায় দুই ঘণ্টার আয়োজনের পর জানানো হলো, তোমরা স্বাধীন বাংলাদেশের গঠিত প্রথম সরকারকে গার্ড অব অনার দিলে।’