জাতীয় পতাকা উড়েছে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সবুজ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক ও শিক্ষার্থীদের নামফলকের পাশে গতকাল বৃহস্পতিবার ওড়ানো হয় জাতীয় পতাকা। তবে পতাকাটি কে বা কারা উড়িয়েছে, সে সম্পর্কে কিছুই জানা জায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পতাকা ওড়ানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন, পতাকা ওড়ানোর জন্য একটি আলাদা প্রজ্ঞাপন জারি করার অনুরোধ জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।বিশেষ দিবস ছাড়া দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ওড়েনি। ২১ জুলাই প্রথম আলোয় ‘জাতীয় পতাকা ওড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসহ বিভিন্ন হলের সামনে পতাকা উড়তে দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান বলেন, জাতীয় পতাকা ওড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো নির্দেশনা জারি হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে বিশ্ববিদ্যালয়ে পতাকা উড়তে দেখে শিক্ষার্থীদের অনেকেই উল্লাস প্রকাশ করেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আফসান মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এসে জাতীয় পতাকার কথা ভুলতে বসেছিলাম। আবারও তা দৃষ্টিগোচর হওয়ায় ভালো লাগছে।’উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সরকারের প্রজ্ঞাপনে পতাকা ওড়ানোর বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশনা নেই। ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার জন্য।’ এ ছাড়া কলা ভবনের যে জায়গায় প্রথম জাতীয় পতাকা ওড়ানো হয়েছিল, সেখানে পতাকা ওড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।