জাতীয় পতাকা ওঠেনি অসংখ্য প্রতিষ্ঠানে
সকাল ১০টা ৩ মিনিট। মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়। তখনো বিদ্যালয়ে জাতীয় পতাকা ওঠেনি। বিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর চণ্ডীবের মহল্লায় অবস্থিত।
শুধু মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ই নয়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে দেখা গেছে, অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিজয় দিবসেও পতাকা উত্তোলন করা হয়নি।
মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব উপজেলা কমান্ডার সিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জাতীয় দিবসগুলোতেও যেসব প্রতিষ্ঠান পতাকা তুলতে ভুলে যায়, আমরা মনে করি তারা পতাকার শত্রু।’ বিষয়টি তিনি ইউএনওর নজরে এনে করণীয় ঠিক করবেন বলে জানান।
পতাকা না তোলার কারণ হিসেবে মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খিজির মো. মুরাদ বলেন, ভুল হয়ে গেছে।
১০টা ২১ মিনিটে শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা কমিউনিটি ক্লিনিকটি ছিল পতাকাশূন্য। লাগোয়া বাড়ির গৃহবধূ সাহেরা বেগম বলেন, ‘কোনো দিন দেহি নাই পতাকা উঠতে।’
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা শিমুলকান্দি শাখায় গিয়েও পতাকা পাওয়া যায়নি। তখন বেলা ১১টা বেজে ১৮ মিনিট। পাশের মুদি দোকানি জামাল মিয়া বলেন, ‘সকালে সমিতির লোকজনকে আসতে দেখছি। হুনছি, পতাকা ছিল ঠিকই। বাঁশ আছিল না। এ কারণে সমস্যা হইছে।’
শ্রীনগর ইউনিয়ন পরিষদে বসে কাজ করছিলেন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা জাভেদ মিয়া। তখন সময় বেলা ১১টা ৪৪ মিনিট। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পতাকা ছিল না। ওই উদ্যোক্তা জানান, ছুটি থাকায় সমস্যাটি হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘আমি ছিলাম দরবারে (সালিস)। তা ছাড়া পরিষদের কেউ আমার কথা শোনে না।’
দুপুর ১২টা ২৯ মিনিটে পতাকাশূন্য অবস্থায় পাওয়া যায় আগানগর ইউনিয়নের আগানগর কমিউনিটি ক্লিনিক। পাশের বাড়ির কুলসুম বেগম বলেন, ‘স্যারেরা কেউ আসে নাই। ১২টা ৫৫ মিনিটে জগমোহনপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে পতাকা পাওয়া যায়নি।’ পাশের বাড়ির কুদ্দুস মিয়া বলেন, ‘ডাক্তারই আইয়ে না, পতাকা তোলার সময় কই।’
বেলা দুইটা ১১ মিনিটেও পতাকা ওঠেনি ওই ইউনিয়নের শহীদুল্লা কায়সার কলেজে। ওই সময় একটি কক্ষে বসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশা আহমেদ ও প্রভাষক রুহুল আমিন ভাত খাচ্ছিলেন। পতাকা না থাকার কারণ জিজ্ঞেস করতে বিব্রতবোধ করেন তাঁরা।
পতাকা ছিল না পৌর শহর চণ্ডীবের মহল্লার মুক্তি আইডিয়াল স্কুল, গোছামারা মর্নিং ইভিনিং কিন্ডারগার্টেন, শ্রীনগরের ফ্রেন্ডশিপ কিন্ডারগার্টেন, আগানগর এলাকার শিশুমেলা বিদ্যাপীঠ, শিমুলকান্দির চাইল্ড হেভেন কিন্ডারগার্টেনে।
মুঠোফোনে চেষ্টা করেও ইউএনও জেসমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার দাস বলেন, তিনি বিষয়টি ইউএনওকে অবগত করছেন।