জাতীয় পতাকা ওড়ানো হয় না প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা ওড়ানোর জন্য উত্তোলন-দণ্ড আছে। কিন্তু বিশেষ দিন ছাড়া জাতীয় পতাকা ওড়ানো হয় না গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে।ডুয়েটের শিক্ষার্থী নাজমুল, বাতেন ও উত্তম জানান, স্কুল-কলেজে পড়ার সময় প্রতিদিন জাতীয় পতাকা ওড়ানো হতো, পতাকাকে তাঁরা সম্মান দেখাতেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে দেখা গেল বিশেষ দিন ছাড়া জাতীয় পতাকা ওড়ানো হয় না। প্রথমে খারাপ লাগত। এখন এটাই স্বাভাবিক হয়ে গেছে।উপাচার্য এম সবদার আলী জানান, তিনি যোগদানের আগে থেকেই এখানে এ অবস্থা চলছে। বিষয়টি তিনি আলোচনা করে ব্যবস্থা নেবেন। পরে ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ এ প্রতিবেদককে ফোন করে জানান, উপাচার্য তাঁকে তাৎক্ষণিকভাবে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করার ব্যবস্থা নিতে বলেছেন।ডুয়েটের মতোই অবস্থা পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানকার একাধিক শিক্ষক জানান, ছোটবেলায় জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে খুব ভালো লাগত। কিন্তু এখানে প্রতিদিন জাতীয় পতাকাই ওড়ানো হয় না। কী কারণে হয় না, তা তাঁরা জানেন না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবুল কালাম আজাদ জানান, শুধু বিশেষ দিনে জাতীয় পতাকা ওড়ানো হয়। প্রতিদিন পতাকা উত্তোলনের কোনো নির্দেশনা তাঁরা পাননি।জাতীয় বিশ্ববিদ্যালয়েও বিশেষ দিন ছাড়া প্রতিদিন জাতীয় পতাকা ওড়ানো হয় না। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করা না হওয়ায় তিনি অপরাধ বোধ করেন। কেন পতাকা ওড়ানো হয় না, তা তিনিও জানেন না। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর ফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোর পরিচয় শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।যোগাযোগ করা হলে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন জাতীয় পতাকা ওড়ানো বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।