জাতীয় পতাকা দিয়ে বুথ, কর্মকর্তাকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরের একটি কেন্দ্রে জাতীয় পতাকা দিয়ে গোপন কক্ষ (পোলিং বুথ) বানানোর জন্য কারণ দর্শাতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে।ওই ইউপি নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও কল্যাণ) বশির আহমেদ গতকাল মঙ্গলবার এ নোটিশ জারি করেন। নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।গত সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউপি নির্বাচনের দিন এ ঘটনা ঘটে কামারখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের প্রভাষক মো. সাদেকুর রহমান আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক পরিদর্শনে এসে ভোটারদের দীর্ঘ সারি দেখে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। ওই নির্দেশমতো তাৎক্ষণিকভাবে জাতীয় পতাকা দিয়েই যে বুথটি বানানো হয়েছে, তা আমি খেয়াল করিনি।’গতকাল প্রথম আলোর ৫ নম্বর পাতায় জাতীয় পতাকা দিয়ে বুথ বানানোর ছবিটি ছাপা হয়।