জাতীয় পতাকা সঠিকভাবে প্রদর্শন না করায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা যথাযথভাবে প্রদর্শন না করায় চট্টগ্রামের সাতকানিয়ার একটি বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ এ অভিযান পরিচালনা করেন। উপজেলার দেওদিঘি কিন্ডারগার্টেনকে পাঁচ হাজার টাকা ও এওচিয়া ইউপি কার্যালয়কে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া উপজেলা সদরের তিনটি খাবারের হোটেল ও দুটি বেকারিকেও বিভিন্ন অনিয়মের কারণে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মোহাম্মদ উল্যাহ বলেন, জাতীয় পতাকা যথাযথভাবে প্রদর্শন না করায় একটি বিদ্যালয় ও একটি ইউপি কার্যালয়কে এবং পচা মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করার কারণে মোট পাঁচটি খাবারের দোকানকে জরিমানা করা হয়েছে।