জাতীয় পতাকাকে ঘিরে দুই দেশের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ ও ভারত দুই দেশের দুটি জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সড়কের দুই পাশে দুটি লোহার খুঁটিতে উড়তে থাকে। পতাকা ওড়ানো আর নামানো হয় সামরিক রীতিতে। সকালে পতাকা ওড়ানোর সময় তেমন ভিড় হয় না। তবে বিকেলে পতাকা নামানোর সময় শূন্যরেখার দুই পারে দুই দেশের শত শত মানুষ জড়ো হয়। ঈদ উপলক্ষে গত মঙ্গল ও বুধবার বিকেলে সীমান্তের শূন্যরেখার দুই পারে যেন ছিল মানুষের মিলনমেলা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল সোয়া পাঁচটায় দুই দেশের সীমান্তরক্ষীরা একই কমান্ডে সশস্ত্র সালাম দিয়ে পতাকা নামান। এ সময় বিউগল বাজানো হয়। সবাই যাতে এ দৃশ্য দেখতে পারে তাই শূন্যরেখা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পতাকা নামানো শেষে দুই পারের মানুষ করমর্দনও করতে পারে। এখানে প্রায় ১৫ মিনিট অবস্থানের সুযোগ থাকলেও কেউই সীমান্ত পার হতে পারে না।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক কামরুন নাহার ঈদ করতে স্বামীর বাড়ি আখাউড়ায় এসেছিলেন। গত মঙ্গলবার তিনি সপরিবারে স্থলবন্দর সীমান্তে বেড়াতে আসেন। তিনি বলেন, একসঙ্গে বিজিবি ও বিএসএফের এই পতাকা নামানোর দৃশ্য দেখে জাতীয় পতাকা আর দেশের প্রতি ভালোবাসা যেন নতুন করে জেগে উঠল। সাধারণ মানুষ আর শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাদেরও এ দৃশ্য দেখার সুযোগ করে দেওয়া উচিত।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহনেয়াজ খান বলেন, দুই দেশের পতাকা নামানোকে কেন্দ্র করে স্থলবন্দরের শূন্যরেখা এলাকাটি মানুষের বিনোদনের একটি স্থান হয়ে উঠেছে। দেশপ্রেমের মহান অনুভূতিই এর মূল। এখানে যাতে আরও মানুষ একসঙ্গে দৃশ্যটি দেখার সুযোগ পায়, সে জন্য জায়গা বাড়াতে বিজিবিকে অনুরোধ করা হয়েছে।
১২ বিজিবি ব্যাটালিয়নের আখাউড়া স্থলবন্দর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শফিউল আলম বলেন, অনেক দর্শনার্থী হলে কিছুটা সমস্যা হয়। তবে সাধারণ মানুষকে পতাকা নামানোর দৃশ্য দেখার সুযোগ দিতে বিজিবি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে।