জাতীয় পতাকার বান্ডিলে পাকিস্তান ও ভারতের পতাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের জন্য রাজধানীর একটি বিদ্যালয়ে সরবরাহ করা জাতীয় পতাকার বান্ডিলে (গঁাট) পাকিস্তান ও ভারতের জাতীয় পতাকা পাওয়া গেছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গতকাল রোববার বিষয়টি স্থানীয় সাংসদকে জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে গতকাল বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক বলেন, ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে কেউ আইডিয়াল স্কুলের বান্ডিলে ভিনদেশি পতাকা ঢুকিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অধিদপ্তর গত বৃহস্পতিবার ঢাকার ৪৯টি বিদ্যালয়ে ২২ হাজার ছোট আকারের জাতীয় পতাকা পাঠায়। কাপড়ের তৈরি পতাকাগুলো প্লাস্টিকের দণ্ডের সঙ্গে সেলাই করা ছিল। মতিঝিল আইডিয়াল স্কুলে দেওয়া হয় ৬৪টি বান্ডিলে এক হাজার ৬০০ পতাকা।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে তাঁদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অধিদপ্তরের পাঠানো জাতীয় পতাকা দেওয়ার সময় একটি বান্ডিলে চাঁদ-তারা খচিত পাকিস্তানের ২৫টি জাতীয় পতাকা ও চরকা খচিত ভারতের একটি জাতীয় পতাকা পাওয়া যায়। বাকি বান্ডিলগুলো ঠিক ছিল। তাঁরা প্রমাণ হিসেবে দুটি পাকিস্তানি পতাকা রেখে বাকি ২৪টি পতাকা পুড়িয়ে ফেলেন।
গোলাম আশরাফ গতকাল ওই দুটি পতাকা নিয়ে সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রাণালয়ে যান এবং এগুলো তিনি স্থানীয় সাংসদ (ঢাকা-৮) ও বিমানমন্ত্রী রাশেদ খান মেননকে দিয়ে বিষয়টি জানান। এই প্রতিবেদক তখন সেখানে উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন তাৎক্ষণিক এ বিষয়ে টেলিফোনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সাংসদ হিসেবে বিষয়টি বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠান।
পতাকার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে জানান, শুধু আইডিয়াল স্কুল থেকে এমন অভিযোগ এসেছে। অধিদপ্তর থেকে পরীক্ষা করেই বিদ্যালয়গুলোতে পতাকা পাঠানো হয়েছে। তার পরও প্রধান শিক্ষকদের বলে দেওয়া হয়েছিল, শিশুদের হাতে পতাকা দেওয়ার আগে যেন আবারও পরীক্ষা করা হয়। সুতরাং আইডিয়াল স্কুলের উচিত ছিল অভিযোগটি প্রথমে অধিদপ্তরকে জানানো। তিনি জানান, অভিযোগটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।