জাতীয় পরিচয়পত্র আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ পার্বত্য রাঙামাটি আসনে হালনাগাদ ভোটার তালিকায় ভোটার বেড়েছে ৩৯ হাজার ৫৩৬ জন। কিন্তু জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় তরুণ ভোটাররা ভোটদানের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় তরুণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র না আসার বিষয়টি নিশ্চিত করে বলেছে, কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটার নম্বর সংগ্রহ করে তরুণ ভোটাররা ভোট দিতে পারবেন।
রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে মোট ভোটার ছিল তিন লাখ ৩১ হাজার ৮১২ জন। এবারের দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৩৪৮ জন। ভোটারসংখ্যা বেড়েছে ৩৯ হাজার ৫৩৬ জন।
নতুন তালিকাভুক্ত তরুণ ভোটারদের মধ্যে ভোট প্রদানে ব্যাপক আগ্রহ থাকলেও কীভাবে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ভোটকেন্দ্রে গেলে কোনো সমস্যার সমঞ্চুখীন হতে হবে কি না, তা নিয়ে তাঁরা বেশ চিন্তিত।
রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকার সোমা তালুকদার বলেন, ‘জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ এসেছে। কিন্তু আমাদের কোনো জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়নি। তাই ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছি।’
স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদারের প্রধান নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা জানান, তাঁরা সব ভোটারের ভোটার নম্বর কার্ড বিতরণ করবেন। সেই কার্ড নিয়ে কেন্দ্রে গেলে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ভোটদানের জন্য জাতীয় পরিচয়পত্র জরুরি বিষয় নয়। নতুন ভোটাররা তাঁদের ভোটার নম্বর নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে নিজেদের ভোট প্রদান করতে পারবেন। সংশ্লিষ্ট পুলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের সেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে।