জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নানামুখী প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্রে নিজের নাম-ঠিকানা পাল্টে ব্যাংক থেকে ঋণ গ্রহণসহ নানা প্রতারণামূলক কাজের অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে নাম-ঠিকানা পরিবর্তন করে ভুয়া পরিচয়পত্র সরবরাহ করছে। বিষয়টি স্বীকার করে থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘ভুয়া পরিচয়পত্র বানিয়ে অনেক অর্থ জালিয়াতি ছাড়াও সিম উত্তোলনের অভিযোগও পাওয়া যাচ্ছে।’ কমিশন সূত্রে জানা গেছে, নগরের রূপালী ব্যাংক, চৈতন্য গলি শাখা থেকে এ রকম ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিন লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা হয়ে গেছেন এক ব্যক্তি। মোহাম্মদ আলী ওরফে আকবর নামের ওই ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন, ‘জাতীয় পরিচয়পত্র জাল করে বেশ কিছু প্রতারণার ঘটনা আমাদের কাছে আসছে। রূপালী ব্যাংকের এই জালিয়াতিটা সেভাবে করা হয়েছে।’ জানা গেছে, মোহাম্মদ আলী ওই ব্যাংকে নিজের মূল জাতীয় পরিচয়পত্রের কপি দেখিয়ে গত বছরের ২৯ জুলাই তিন লাখ টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার সময় দুই গ্যারেন্টর হিসেবে তাঁর স্ত্রী মিনু আকতার ও নূরে আলম নামের এক ব্যবসায়ীকে দেখান। এই দুজনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিও জমা দেন। কিন্তু ঋণের প্রথম কিস্তি পরিশোধের পর থেকে ওই ব্যবসায়ী তাঁর দোকান গুটিয়ে লাপাত্তা হয়ে যান। মোহাম্মদ আলী নামের যে পরিচয়পত্র (১৫৯৪১২০৬৩৪১০৬) ব্যাংকে জমা দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে সেটির মালিক বলুয়ার দিঘির পূর্ব পাড়ের সেলিনা আকতার। অনুসন্ধানে দেখা যায়, মিনু আকতারের নামে যে পরিচয়পত্র জমা দেওয়া হয়, তার নম্বর ১৫৯৪১২০৬৩৪১০৫। কিন্তু প্রকৃতপক্ষে সেটির মালিক বলুয়ার দিঘির পূর্ব পাড়ের রূপালী আকতার। একই আইডি নম্বরে মোহছেনা বেগম নামের অপর একটি ভুয়া পরিচয়পত্র করে তা অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখায়ও জমা দিয়েছেন মোহাম্মদ আলী। মোহছেনাকে তাঁর স্ত্রী বলে দেখিয়েছেন। ওই ব্যাংকেও আলীর অপর একটি হিসাব রয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক ছবি ধর বলেন, ‘মোহাম্মদ আলী আমাদের এখানে বাসার ঠিকানাও ভুল দিয়েছেন। তা ছাড়া, তিনি ঋণ নেওয়ার সময় খাতুনগঞ্জ অগ্রণী ব্যাংকের ২৪টি শূন্য চেক জমা দেন। পরে ওই ব্যাংকে যোগাযোগ করে দেখা যায় তাঁর হিসাবে কোনো টাকা নাই।’