জাতীয় পরিচয়পত্র না থাকলেও মিলবে ভূমিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি মন্ত্রণালয় এবং রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
ছবি: ভূমি মন্ত্রণালয়ের সৌজন্য

জাতীয় পরিচয়পত্রহীন (এনআইডি) নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছে ভূমি মন্ত্রণালয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করেই তাঁদের সেবা দেওয়া হবে। দেশের প্রান্তিক মানুষের দিকে চেয়েই এ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

নতুন সেবা দেওয়ার জন্য আজ স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন’-এর সঙ্গে জন্ম ও মৃত্যুর তথ্য-উপাত্ত বিনিময়সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে ভূমি মন্ত্রণালয়। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য-উপাত্ত ব্যবহার করে ভূমিসেবা দেওয়ার ব্যবস্থা চালুর ফলে দেশের পরিচয়পত্রবিহীন নাগরিকেরা ভূমিসেবা পাবেন। বিভিন্ন কারণে দেশের অনেক নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র না–ও থাকতে পারে, এ জন্য আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি।’

ভূমিমন্ত্রী বলেন, শিগগিরই বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের জন্য কেবল পাসপোর্ট যাচাইয়ের মাধ্যমে ভূমিসেবা দেওয়ার কার্যক্রমও গ্রহণ করা হবে। দেশের সব নাগরিককে ডিজিটাল ভূমিসেবায় অন্তর্ভুক্ত করা অন্যতম লক্ষ্য।

জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের prottoyon.gov.bd সিস্টেম থেকে একজন নাগরিকের উত্তরাধিকার ও অন্যান্য সনদ যাচাইয়ের জন্য ই-নামজারি সিস্টেমের সঙ্গে যোগাযোগ সূত্র স্থাপন করা হয়েছে। এতে ভূমি মন্ত্রণালয় যেকোনো ভূমিসেবার ক্ষেত্রে আবেদনকারীর তথ্যের সঠিকটা যাচাই করতে পারবে।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নাগরিকদের তথ্য-উপাত্তের নিরাপত্তা ও গোপনীয়তার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্বসহকারে নিশ্চিত করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস ও রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মানিক লাল বণিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।