জাতীয় পরিচয়পত্র না পেয়ে বিপাকে পাঁচ শতাধিক ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় বান্দরবানের পাঁচ শতাধিক ব্যক্তি বিপাকে পড়েছেন৷ চাকরির আবেদনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা৷
অনেকের পরিচয়পত্র না পাওয়ার কথা নিশ্চিত করে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ভুল করে নির্বাচন কমিশন থেকে অন্য জায়গার পরিচয়পত্র বান্দরবানে পাঠানো হয়৷ তাঁরা বলেন, নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র পাঠালে সেগুলো ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় অনেক ব্যক্তি ভোটার হন। কিন্তু প্রায় দুই বছর পরও বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, রাজবিলা ইউপির ৮ নম্বর ওয়ার্ড, রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ৫-৬ নম্বর ওয়ার্ড এবং লামা পৌরসভার পাঁচ শতাধিক ভোটার জাতীয় পরিচয়পত্র পাননি৷
বান্দরবান জেলা শহরের চেরি প্রু মারমা ও আলোরানী চাকমা জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় তাঁদের মেয়েরা ভোটার হওয়ার পরও তাঁরা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও স্থায়ী বাসিন্দার সনদপত্র নেওয়ার ক্ষেত্রে তাঁরা সমস্যায় পড়েছেন।